‘টক্সিক’ সিনেমায় যশ: মুক্তির আগেই ৬০০ কোটি রুপি আয়, প্যান ইন্ডিয়া কৌশলের সাফল্য
‘টক্সিক’ সিনেমায় যশ: মুক্তির আগেই ৬০০ কোটি আয়

‘টক্সিক’ সিনেমায় যশ: মুক্তির আগেই ৬০০ কোটি রুপি আয়, প্যান ইন্ডিয়া কৌশলের সাফল্য

গীতু মোহনদাস পরিচালিত এবং দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’ মুক্তির আগেই প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে বলে দাবি করেছেন প্রবীণ প্রযোজক ড. জি ধনঞ্জয়ন। চার বছর পর বড় পর্দায় ফিরছেন যশ, এবং তাঁর এই নতুন ছবির প্রি-রিলিজ ব্যবসা সাম্প্রতিক সময়ে দক্ষিণী সিনেমার ক্ষেত্রে একটি বড় নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

কীভাবে এল এই অঙ্ক?

ধনঞ্জয়নের মতে, ছবিটির সাফল্যের মূল চাবিকাঠি হলো এর কাস্টিং কৌশল। তিনি ব্যাখ্যা করেন যে, ছবিতে নয়নতারা, রুক্মিণী বসন্ত এবং টোভিনো থমাসের মতো অভিনয়শিল্পীদের এমনভাবে নির্বাচন করা হয়েছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা দর্শকগোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরি হয়। নয়নতারা ইতিমধ্যে হিন্দি বাজারে পরিচিত মুখ, রুক্মিণী দক্ষিণে আলোচিত এবং টোভিনো মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা—এই বহুমাত্রিক কাস্টিং প্যান ইন্ডিয়া রূপ দিয়েছে এবং প্রি-রিলিজ ব্যবসায় বড় ভূমিকা রেখেছে।

প্যান ইন্ডিয়া মানে শুধু ডাবিং নয়

ধনঞ্জয়ন স্পষ্ট করে বলেন, প্যান ইন্ডিয়া সিনেমা মানে শুধু একটি দক্ষিণী ছবিকে ডাব করে সর্বত্র মুক্তি দেওয়া নয়; বরং শুরু থেকেই এমন পরিকল্পনা থাকতে হবে, যাতে দেশের বিভিন্ন ভাষা ও অঞ্চলের দর্শক ছবিটিকে নিজেদের বলে মনে করেন। তিনি উল্লেখ করেন যে, হাজার কোটির বেশি আয় করা দক্ষিণী ছবিগুলোর ৪০ থেকে ৪৫ শতাংশ আয় উত্তর ভারত থেকে আসে, তাই উত্তর ভারতের বাজার ধরতে না পারলে বড় সাফল্য সম্ভব নয়। ‘টক্সিক’-এর কৌশল নির্ধারণে এই বাস্তবতা মাথায় রাখা হয়েছে।

মুক্তির দিনেই বড় লড়াই

‘টক্সিক’ আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে এবং একই দিনে আরেক বড় ছবি ‘ধুরন্ধর ২’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতায় নামছে। ধনঞ্জয়নের মতে, এটি ঝুঁকি নয়; বরং আত্মবিশ্বাসের প্রকাশ। তিনি বলেন, সঠিক কৌশল নিয়েই ছবিটি মুক্তির দিন ঠিক করা হয়েছে। মুক্তির আগে ব্যবসার এ অঙ্ক অবশ্যই চমকপ্রদ, তবে শেষ কথা বলবে দর্শকই। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পরই বোঝা যাবে, আগাম ব্যবসার এ সাফল্য বক্স অফিসে কতটা প্রতিফলিত হয়।

বিশ্লেষকেরা মনে করছেন, যশের তারকাখ্যাতি এবং পরিকল্পিত সর্বভারতীয় কৌশলের সমন্বয়ে ‘টক্সিক’ দক্ষিণী সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হয়ে উঠতে পারে। ছবিটির পোস্টারে নয়নতারার উপস্থিতি ইতিমধ্যে সামাজিক মাধ্যম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।