নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর হবে রাইটার্স বিল্ডিংয়ে
নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর রাইটার্স বিল্ডিংয়ে

পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে অফিস করবেন না নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর জন্য নতুন করে সাজানো হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী সেই সাবেক লাল রঙের ভবন মহাকরণ বা রাইটার্স বিল্ডিং। তবে এই নতুন দপ্তর পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আপাতত মুখ্যমন্ত্রীর দপ্তর হবে পশ্চিমবঙ্গ বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ে। এটি ছিল সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবনের দপ্তর। সেই দপ্তরকে এখন সাজিয়ে তোলা হয়েছে।

রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগেই ঘোষণা দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় হাওড়ার নবান্ন থেকে ফিরিয়ে আনা হবে কলকাতার বিবাদী বাগের রাইটার্স বিল্ডিংয়ে। পুরোপুরি প্রস্তুত হলে এই ভবনের তৃতীয় তলায় বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাইটার্স বিল্ডিংয়ের মেরামত ও সাজসজ্জার কাজ শেষ হলে রাজ্য সচিবালয় সেখানে ফিরে যাবে। যুগ যুগ ধরে এই রাইটার্সে ছিল পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়। তবে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর মমতা ২০১৩ সালে রাইটার্স থেকে হাওড়ার নবান্নে নিয়ে যান সচিবালয়। এবার শুভেন্দু জিতে হাওড়ার নবান্ন থেকে সেই সচিবালয় ফেরত আনছেন ঐতিহ্যবাহী রাইটার্সে।

ইতিমধ্যে রাইটার্স বিল্ডিংয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ সাবেক মন্ত্রীদের কক্ষের নামফলক তুলে ফেলা হয়েছে। বিধানসভা ভবনের মুখ্যমন্ত্রীর কক্ষের নামফলকে মমতার পরিবর্তে শুভেন্দু অধিকারীর নাম বসিয়ে দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা

বিধানসভা নির্বাচনের ভোটের আগে তৃণমূল কংগ্রেস প্রচার চালিয়েছিল, বিজেপি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যবিরোধী। এমন কথা বলা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেন এই প্রচারের জবাব দেওয়ার চেষ্টাই করেছে বিজেপি। অনুষ্ঠানে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন সাদা ধুতি আর গেরুয়া রঙের ফতুয়া বা হাফ পাঞ্জাবি পরে। দলের ২০৭ বিধায়কও এসেছিলেন ধুতি আর পাঞ্জাবি পরে।

আর শপথ গ্রহণ মঞ্চে উঠেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল ছিটিয়ে প্রণাম জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর এই বাংলার মানুষকে, বাংলার মাটিকে মঞ্চে একবারে হাঁটু গেড়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদি।

ঠাকুরবাড়িতে শ্রদ্ধা নিবেদন

শপথের আগে শুভেন্দু অধিকারীও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে কেন্দ্র করে তাঁকে সম্মান জানিয়ে ২৫ বৈশাখ পশ্চিমবঙ্গ সরকারের যাত্রা শুরুর দিন ঠিক করে বিজেপি। ব্রিগেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর প্রথমে যান কলকাতার জোড়াসাঁকোর কবিগুরুর জন্মস্থান ঠাকুরবাড়িতে। সেখানে তিনি ঠাকুরবাড়ির সামনে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল দিয়ে কবিগুরুকে সম্মান ও শ্রদ্ধা জানান।

ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে। সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। শিক্ষা হারিয়ে গেছে। এবার আমরা এই বাংলাকে নবনির্মাণ করব। আমাদের অনেক দায়িত্ব এসে গেছে। এখন একে অপরের সমালোচনা করার সময় নেই; বরং সবাই এসে বাংলাকে নতুন করে গড়ুন।’

গতকাল কলকাতার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানও হয় সম্পূর্ণ বাঙালিয়ানায়। শুভেন্দু অধিকারী শপথ নেন বাংলা ভাষায়। একই সঙ্গে আরও পাঁচ মন্ত্রীর মধ্যে চারজন শপথ নেন বাংলা ভাষায় আর একজন সাঁওতালি ভাষায়।