মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে একটি ভিন্নধর্মী ও আবেগঘন বিজ্ঞাপনচিত্র। বিশ্বখ্যাত এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ‘গ্রী’র এই বিজ্ঞাপনটি কেবল একটি পণ্যের প্রচারণাই নয়, বরং পৃথিবীর সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। মায়ের কাছে সন্তান আজীবন শিশুই থাকে—বাঙালির চিরচেনা এই ভাবনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।
গল্পের শুরু
গল্পটি শুরু হয় ছিমছাম এক মধ্যবিত্ত পরিবারের ড্রয়িংরুমে। শান্ত বিকেল। স্ক্রিনে দেখা যায়, এক মা তাঁর ৭/৮ বছরের ছোট্ট ছেলেকে মিষ্টি-মধুর কণ্ঠে বকা দিচ্ছেন। মায়ের অভিযোগ, ‘কত টাকা বেতন পাস তুই? হ্যাঁ? ছোটবেলায় এরচেয়ে গরমে ঘুমাস নাই? ফ্যান না চললে হাতপাখার বাতাসে ঘুমাইছে সবাই। আমাকে না জানাইয়া এসি কিনা নিয়া আসছে। কী দরকার ছিল এত খরচ করার?’
দর্শক এই দৃশ্যে প্রথমে একটু হোঁচট খেতে পারেন। এতটুকু বয়সী ছেলে আবার বেতন পায় কীভাবে! ওদিকে মায়ের বকুনিতে ছেলেটা অপরাধীর মতো মাথা নিচু করে থাকে, যেন মস্ত বড় কোনো ভুল করে ফেলেছে। প্রতিটি সংলাপের ফাঁকে ফাঁকে বাজতে থাকে মিষ্টি এক লিড গিটারের সুর, যা মায়ের এই অভিমানকে আরও মায়াময় করে তোলে।
মায়ের বিরক্তি আর ছেলের প্রতিক্রিয়া
মা একটু বিরক্তি নিয়েই বলেন, ‘কী এমন গরম?’ ঠিক তখনই ছেলেটি মায়ের অজান্তেই রিমোট চেপে এসি চালু করে দেয়। মুহূর্তেই এক স্নিগ্ধ শীতল বাতাস এসে ছুঁয়ে যায় মাকে। বাতাসে মায়ের চুলগুলো আলতো করে উড়ে যায়, স্ক্রিনে ফুটে ওঠে চমৎকার এক দৃশ্য। শীতল বাতাসে মায়ের সব ক্লান্তি যেন জুড়িয়ে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তির হাসি। মা বলে ওঠেন, ‘খুব বড় হয়ে গেছিস, তাই না?’
চমকপ্রদ মুহূর্ত
এরপরই আসে বিজ্ঞাপনের সেই চমকপ্রদ ও আবেগী মুহূর্ত। ক্যামেরা ঘুরে ছেলের দিকে যেতেই দেখা যায়, সেখানে কোনো শিশু বসে নেই। বসে আছে ফর্মাল অফিস–পোশাক পরা এক পূর্ণবয়স্ক যুবক। সে মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। ছেলের হাসিমুখ দেখে মা বলেন, ‘একদম বাপের মতো বেহিসেবি।’ দুজনের মুখেই এক অনাবিল হাসি।
বিজ্ঞাপনের মূল ভাবনা
বিজ্ঞাপনটির পেছনের মূল ভাবনা ছিল একটিই—মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না। আমরা যতই বড় হই না কেন, নিজের উপার্জনে মায়ের জন্য কোনো উপহার কিনে আনি না কেন, মায়ের চোখে আমরা সেই ছোট্ট খোকাটিই থেকে যাই, যে না বুঝে পয়সা খরচ করে।
নির্মাণ ও পরিচালনা
ইলেক্ট্রোমার্টের বাজারজাতকৃত গ্লোবাল ব্র্যান্ড গ্রী এসির জন্য এই চমৎকার ও আবেগঘন গল্পটি তৈরি করেছে বিজ্ঞাপনী সংস্থা ক্রসওয়াক কমিউনিকেশনস। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনম বিশ্বাসের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রে খুব সুনিপুণভাবে বোঝানো হয়েছে যে, এসি এখানে শুধুই একটি যন্ত্র নয়, বরং মায়ের সেই হাতপাখার মমতা-মাখানো বাতাসের মতোই এক আধুনিক ভালোবাসার উপহার, যা একজন সন্তান তাঁর মাকে দিতে চায়।
হৃদয়স্পর্শী সমাপ্তি
বিজ্ঞাপনটির শেষাংশে ভেসে আসে একটি হৃদয়স্পর্শী ভয়েসওভার, ‘মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না। বয়স না–বাড়া সব সন্তানের পক্ষ থেকে পৃথিবীর সব মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা।’
গ্রী এসির পক্ষ থেকে তৈরি করা এই বিজ্ঞাপনটি কেবল একটি পণ্যের প্রচারণাই নয়, বরং পৃথিবীর সব মায়ের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি হিসেবেই দেখছেন দর্শকেরা। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাই এই সুন্দর নির্মাণটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।



