সাফ চ্যাম্পিয়নশিপের আগে থাইল্যান্ডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। আজ রবিবার ঋতুপর্ণারা তৃতীয় অনুশীলন সেশন করেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে দেড় ঘণ্টার অনুশীলন করেছেন আফঈদা খন্দকাররা। যেখানে দলের মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সঙ্গে বোঝাপড়া বাড়াতে কাজ হয়েছে। পাশাপাশি ফিনিশিং এবং সেট-পিস নিয়েও কাজ করেছেন কোচ পিটার বাটলার।
অনুশীলন ও রিকভারি
অনুশীলন সেশনের পর দলটি মাঠের পাশেই আইস বাথ রিকভারি সেশন করেছে। থাইল্যান্ড থেকে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পাঠানো ভিডিও বার্তায় গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘দলের সার্বিক অবস্থা অনেক ভালো। কোনও ইনজুরি আপডেট নেই। আজকে যে সেশন হয়েছে, সেখানে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের নিয়ে কাজ করেছি। তাদের মধ্যে যে বোঝাপড়া দরকার, সেটা নিয়ে মেয়েদের শেখানো হয়েছে।’
প্রস্তুতি ম্যাচ পিছিয়ে
বাংলাদেশ দলের প্রথম ক্লোজড-ডোর প্রস্তুতিমূলক ম্যাচটি থাইল্যান্ড নারী লিগের ক্লাব কাসেমবন্ডিত এফসির বিরুদ্ধে আজ হওয়ার কথা ছিল। তবে হেড কোচ পিটার বাটলারের সিদ্ধান্তের কারণে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ওই ম্যাচটি আগামীকাল হওয়ার কথা রয়েছে। এ নিয়ে উজ্জ্বল বলেন, ‘আগামীকাল একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবো। এই ম্যাচটি আমাদের জন্য খুবই সহায়ক। আমরা যে ধরনের ফুটবল খেলতে চাচ্ছি, নতুন কিছু খেলোয়াড় দলে ঢুকেছে, তাদের ভূমিকা কী হবে সেটা দেখা খুবই দরকারী। সাফে যা আমাদের কাজে দেবে।’
সাফ চ্যাম্পিয়নশিপের সূচি
থাইল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন ১৩ মে আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে ২১ মে দল সরাসরি যাবে ভারতের গোয়ায়। যেখানে ৬ দল নিয়ে গড়াবে এবারের সিনিয়র নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। ২৮ মে প্রথম ম্যাচে হ্যাটট্রিক শিরোপা মিশনে মাঠে নামবে লাল-সবুজরা।



