আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাঁর প্রিয় দেশি খাবার নিয়ে বহু কথা হলেও তিনি যে পাই, প্যাটি, কাটলেট আর কাবাব খেতে ভালোবাসতেন তা আমরা অনেকেই জানি না। খুব বেশি কিছু লিখে যাননি রবিঠাকুর এ নিয়ে। তবে অনেক সূত্রেই আছে তাঁর বিদেশি খাবারের বিভিন্ন পদের প্রতি ভালোলাগার কথা।
রবীন্দ্রনাথের প্রিয় বিদেশি খাবারের তালিকা
কলকাতার হো চি মিন সরণিতে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের আঞ্চলিক দপ্তরের তত্বাবধানে পরিচালিত ক্যাফেতে পরিবেশন করা হয় রবীন্দ্রনাথের পছন্দের নানা পদ। এখানে আছে এক স্মরণীয় মেনুকার্ড। এতে আছে ১৯১২ সালে লন্ডনের ইন্ডিয়া সোসাইটির আয়োজন করা বিশেষ ভোজের তালিকা। ইংরেজিতে গীতাঞ্জলি প্রকাশ উপলক্ষে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানাতে সেই আয়োজন করা হয়েছিল।
বিখ্যাত ক্রোকাডেরো রেস্তোরাঁয় পরিবেশন করা হয়েছিল সবজি স্যুপ, ক্রিম অব টমেটো স্যুপ, হল্যান্ডাইস সসে স্যামন মাছ, শসা, সবজিসহ ল্যাম্ব, রোস্ট চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, গ্রিন স্যালাড এবং আইসক্রিম।
ভ্রমণ থেকে সংগৃহীত মেনুকার্ড
জানা যায়, রবীন্দ্রনাথ বিভিন্ন দেশ ভ্রমণ করার সময় সেখান থেকে নানা ধরনের মেন্যুকার্ড নিয়ে আসতেন। আর ঠাকুরবাড়িতে সেগুলোর অনুপ্রেরণায় চালু করতেন নানা ফিউশন পদের চল। বিভিন্ন সূত্র থেকে দেখা যায়, রবীন্দ্রনাথ দিনের বেলায় পাত পেড়ে দেশি খাবার খেতে পছন্দ করলেও সন্ধ্যা গড়ালেই ডাইনিং টেবিল, কাঁটা-চামচের পর্ব শুরু হতো। পাই, কাটলেট, প্যাটি ইত্যাদি বেশ প্রিয় ছিল কবির। সেই সঙ্গে তুর্কি প্রভাবে কাবাবের প্রতি হয়েছিল অনুরাগ।
এদিকে ব্রিটিশ কেতা অনুযায়ী রোস্ট ল্যাম্ব বা মুরগির পাশাপাশি বিদেশি রেসিপির মাছের পদ ছিল রবীন্দ্রনাথের পছন্দের তালিকায়।
প্রিয় খাবারের তালিকা
- ক্রিম অব টমেটো স্যুপ
- ল্যাম্ব রোস্ট
- স্যামন ফিশ ইন হল্যান্ডেইজ সস
- হিন্দুস্তানি টার্কিশ কাবাব
- গ্রিন ভেজিটেবল স্যুপ
- মাটন পাই
- হ্যাম প্যাটি
- চিকেন রোস্ট উইথ ব্রেডক্রাম্ব
- প্রন কাটলেট
- চিকেন কাবাব
- মাটন উইথ পাইনঅ্যাপল
- সুরাটি মিঠা কাবাব
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইস্ট অ্যান্ড ওয়েস্ট: হোয়াট টেগোর লাভস টু ইট (প্লশেয়ার্স অ্যাট এমারসন কলেজ), সাহাপিডিয়া। ছবি: এআই ও ইন্সটাগ্রাম।



