জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী নিজের গান ও শান্ত জীবনযাপন নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন। তবে কেউ তাকে নিয়ে কোনো মন্তব্য করলে তিনি সোজাসাপ্টা জবাব দিতেও ছাড়েন না। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি, যেখানে নিজের বাড়ির বারান্দার সাজানো কোণে আলোর মালায় সজ্জিত গাছপালার মাঝে বসে সময় কাটাচ্ছেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন 'বারান্দা'। কিন্তু সেই মিষ্টি ছবিতেই রাজনৈতিক কাদা ছোড়া হয় তাকে লক্ষ্য করে।
রাজনৈতিক কটাক্ষের মুখে ইমন
ছবির কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেন, 'তৃণমূলের দালালি করেই তো এই সুখ! দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) আঁচলের তলায় থাকলে বারান্দাও স্বর্গ হয়ে যায়, তাই না?' আরেক নেটিজেন প্রশ্ন তোলেন, 'বারান্দায় জোড়া ফুল, ফ্ল্যাগ, দিদির ছবি কই?' ইমন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েও এসব মন্তব্যে শাসক দল ও তার নেত্রীকে টেনে আনা হয়েছে বলে স্পষ্ট বোঝা যায়।
ইমনের সপাটে জবাব
এ ধরনের কুরুচিকর ট্রলিংয়ের জবাব দিতে দেরি করেননি ইমন। তিনি পালটা জবাবে লেখেন, 'একদম, ওটা বেডরুমে আছে।' এই সাহসী ও যুক্তিপূর্ণ জবাব নেটপাড়ায় প্রশংসা কুড়াচ্ছে। তার পাশে দাঁড়িয়েছেন বহু অনুরাগী। তাদের মতে, একজন শিল্পীর পরিশ্রম ও নান্দনিক বোধকে রাজনৈতিক রঙ দিয়ে বিচার করা অনুচিত।
ইমনের রাজনৈতিক পটভূমি
ছাত্রীজীবনে ইমন এসএফআই করতেন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নেত্রী ছিলেন। তিনি সিপিআইএমের ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটির সদস্যও ছিলেন। তবে সময়ের সঙ্গে তার ভাবনায় পরিবর্তন এসেছে। দিন কয়েক আগে টালিপাড়ায় জোর চর্চা ছিল যে তিনি তৃণমূলের হয়ে ভোটে লড়বেন, কিন্তু সেই গুঞ্জনে পানি পড়েছে। উন্নয়নের পাঁচালি গাওয়ার কোনো আফসোস নেই বলে জানিয়েছেন তিনি।



