রেখা-অমিতাভ-জয়া ত্রিভুজ প্রেমের রহস্যময় গল্প
রেখা-অমিতাভ-জয়া ত্রিভুজ প্রেমের রহস্য

বলিউডের ইতিহাসে বহু প্রেমের গল্প রয়েছে, তবে সবচেয়ে রহস্যময়, আলোচিত ও বিতর্কিত সম্পর্কের নাম অমিতাভ বচ্চন ও রেখা। কয়েক দশক পেরিয়ে গেলেও এই সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহল আজও ফুরায়নি। কারণ এই গল্পে জড়িত ছিলেন আরেকজন—জয়া বচ্চন।

পর্দার রসায়ন ও গুঞ্জনের শুরু

১৯৭০-এর দশকের শেষভাগে অমিতাভ বচ্চন ও রেখার পর্দার রসায়ন দর্শকদের কাছে ছিল বিস্ময়কর। ‘দো আনজানে’, ‘মিস্টার নটবরলাল’, ‘সুহাগ’, ‘মুকাদ্দার কা সিকান্দার’—একটির পর একটি ছবিতে তাঁদের জুটি বক্স অফিস কাঁপিয়েছে। কিন্তু পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন, যা বলিউডের সবচেয়ে বড় আলোচনায় পরিণত হয়।

মুকাদ্দার কা সিকান্দারের ট্রায়াল শো

রেখার এক পুরোনো সাক্ষাৎকারে উঠে এসেছে এমন একটি ঘটনা, যা আজও বলিউডের অন্যতম আলোচিত স্মৃতি। স্টারডাস্ট সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে রেখা বলেন, ‘মুকাদ্দার কা সিকান্দার’-এর ট্রায়াল শো দেখতে বচ্চন পরিবার একসঙ্গে এসেছিল। জয়া বচ্চন সামনের সারিতে বসেছিলেন, তাঁর পেছনে ছিলেন অমিতাভ ও তাঁর মা–বাবা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেখার ভাষ্য অনুযায়ী, সিনেমার প্রেমের দৃশ্যগুলো চলার সময় তিনি জয়ার দিকে তাকিয়ে দেখেন জয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রেখা বলেন, ‘আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, আমাদের অন্তরঙ্গ দৃশ্য চলার সময় জয়ার চোখ থেকে টপটপ করে পানি ঝরছে।’

এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা না গেলেও বহু বছর ধরে এটি বলিউডের সবচেয়ে আলোচিত গল্পগুলোর একটি হয়ে আছে।

গুঞ্জনের পরিণতি

রেখা আরও দাবি করেন, ওই ট্রায়াল শোর কিছুদিন পর তিনি শুনতে পান অমিতাভ নাকি প্রযোজকদের জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে তিনি আর রেখার সঙ্গে কাজ করবেন না। বাস্তবে দেখা যায়, ‘মুকাদ্দার কা সিকান্দার’-এর পর দীর্ঘ সময় তাঁদের একসঙ্গে খুব বেশি সিনেমায় দেখা যায়নি। তবে এর ব্যতিক্রম ছিল ১৯৮১ সালের ‘সিলসিলা’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিলসিলা: বাস্তবের প্রতিচ্ছবি

‘সিলসিলা’–তে অভিনয় করেছিলেন অমিতাভ, জয়া ও রেখা—তিনজনই। ছবির গল্প ছিল বিবাহিত পুরুষ ও অন্য এক নারীর সম্পর্ক নিয়ে। ফলে মুক্তির সময় দর্শকদের কাছে ছবিটি যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। আজও অনেকেই মনে করেন, ‘সিলসিলা’ ছিল এই ত্রিভুজ সম্পর্ককে ঘিরে তৈরি হওয়া সবচেয়ে সাহসী চলচ্চিত্র।

জয়ার প্রতি রেখার শ্রদ্ধা

সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও প্রকাশ্যে জয়া বচ্চনের বিরুদ্ধে কখনো তিক্ত মন্তব্য করতে দেখা যায়নি রেখাকে। সিমি গারেওয়ালের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে রেখা জয়ার প্রশংসা করে বলেন, ‘তিনি অনেক বেশি পরিণত, অনেক বেশি দৃঢ়। আমি এমন একজন নারী খুব কমই দেখেছি, যার মধ্যে এত মর্যাদা, এত শ্রেণি আর এত শক্তি আছে।’

রেখা আরও বলেন, ‘মিডিয়ার গুঞ্জন শুরুর আগেই আমাদের মধ্যে সম্পর্ক ছিল। আমরা একই ভবনে থাকতাম। আমি তাঁকে “দিদিভাই” বলে ডাকতাম। আজও ডাকি। পৃথিবীর কোনো কিছুই সেটা বদলাতে পারবে না।’

রেখার এ মন্তব্য অনেককে বিস্মিত করেছিল। কারণ যেখানে সংবাদমাধ্যম তাঁদের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছিল, সেখানে রেখা প্রকাশ্যে জয়ার প্রতি সম্মানই দেখিয়েছেন।

নীরব থেকেছেন অমিতাভ

এই পুরো বিতর্কে সবচেয়ে রহস্যময় চরিত্র সম্ভবত অমিতাভ বচ্চন নিজেই। দশকের পর দশক ধরে তিনি কখনো প্রকাশ্যে রেখার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বিস্তারিত কথা বলেননি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থেকেছেন তিনি। ফলে গুঞ্জন, কৌতূহল ও রহস্য আরও বেড়েছে। অন্যদিকে জয়া বচ্চনও খুব কম ক্ষেত্রেই এ বিষয়ে মুখ খুলেছেন।

এনডিটিভি অবলম্বনে