অংশুলা কাপুরের বিয়ের পোশাক: ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন
অংশুলা কাপুরের বিয়ের পোশাক: ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন

ককটেল পার্টিতে লাল বেনারসি শাড়ির মোড়ক

বলিউড প্রযোজক বনি কাপুরের বড় কন্যা অংশুলা কাপুর বিয়ের পর ককটেল পার্টির জন্য লাল রঙের পোশাক পরার সিদ্ধান্ত আগেই ঠিক করে রেখেছিলেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিবাহিত জীবনের প্রথম সন্ধ্যা—জীবনের নতুন অধ্যায়ের এই উদ্‌যাপনে সিঁদুরের লাল ছাড়া আর কোনো রং আমার মানানসই মনে হয়নি।’

ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়াল একটি ঐতিহ্যবাহী বেনারসি শাড়িকে নতুনভাবে গড়েছেন। শাড়িটিকে ভাস্কর্যের মতো একটি করসেট-গাউনে রূপ দিয়েছেন। শাড়ির আসল ড্রেপের সৌন্দর্য অক্ষুণ্ন রেখেই আঁচলটি পরা হয়েছে ওড়নার মতো করে। এই পোশাক ঐতিহ্যকে সম্মান জানায়, কিন্তু ঐতিহ্যকে তার সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে না, বরং সমকালীন আধুনিক ফ্যাশনকে দিব্যি আলিঙ্গন করে নেয়।

বিয়ের পোশাকে মায়ের স্মৃতি

অংশুলা কাপুর বিয়ের দিন পেস্টাল গোলাপি রঙের ভারতীয় ঐতিহ্যবাহী লেহেঙ্গায় সেজেছিলেন। লেহেঙ্গার সঙ্গে তিনি যে সোনালি টিস্যু ও জারদৌসির কাজ করা ওড়নাটি পরেছেন, তা ৪২ বছরের পুরোনো, মা মোনা শৌরি কাপুরের। লেহেঙ্গাটি তৈরি হয়েছে এই ওড়নাকে কেন্দ্র করেই। বিয়ের দিন মাকে স্মরণ করতেই মায়ের ওড়না গায়ে জড়ালেন অংশুলা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অংশুলা লিখেছেন, ‘যেদিন আমি একটি নতুন পরিবারের অংশ হতে যাচ্ছিলাম, সেদিন মনে হয়েছিল, যে পরিবার আমাকে প্রথম আগলে রেখেছে, তাদের ভালোবাসার স্মৃতি জড়িয়ে পথচলা শুরু করাই হবে সবচেয়ে সুন্দর।’

লেহেঙ্গায় কাশ্মীরি ও পাঞ্জাবি ঐতিহ্যের মিশেল

ভারতীয় নামকরা নকশাকার তরুণ তাহিলিয়ানি এই লেহেঙ্গায় ফুটিয়ে তুলেছেন কাশ্মীরের সূক্ষ্ম কাশিদা সুচিশিল্পের সঙ্গে সমৃদ্ধ জরির কাজ। সঙ্গে ছিল গুজরাটের বন্ধনী ঘরচোলা ওড়না। পোশাকের প্রান্তজুড়ে থাকা কোমল ফুলকারি নকশা আবার অংশুলাদের পাঞ্জাবি ঐতিহ্যেরই প্রতীক। উল্লেখ্য, অংশুলার জীবনসঙ্গী রোহান ঠাক্কারের পরিবার কাশ্মীরি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অংশুলা লিখেছেন, ‘আমার মনে হয়, আমাদের পুরো বিয়েটাও ঠিক এমনই। নিজের শিকড়কে গভীরভাবে আঁকড়ে ধরে সামনে অপেক্ষা করে থাকা নতুন জীবনের প্রতিটি সম্ভাবনাকে উন্মুক্ত হৃদয়ে বরণ করে নেওয়া।’

সামাজিক মাধ্যমে অভিনন্দনের বন্যা

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন বলিউডের নামকরা প্রযোজক বনি কাপুরের বড় কন্যা, অর্জুন কাপুরের বোন ও জাহ্নবী-খুশি কাপুরের বৈমাত্রেয় বোন অংশুলা কাপুর।