জুলাই মাসে ১০টি নতুন কে-ড্রামা মুক্তি
জুলাই মাসে দর্শকরা পেতে যাচ্ছেন ১০টি নতুন কে-ড্রামা। নেটফ্লিক্স, ডিজনি+, কেবিএস২, এমবিসি, জেটিবিসি, ইএনএ ও টিভিএন-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সিরিজগুলো মুক্তি পাবে। তালিকায় রয়েছে রোমান্টিক কমেডি, থ্রিলার, অ্যাকশন ও ঐতিহাসিক ফ্যান্টাসি ঘরানার নাটক।
‘লাভ ইন সিঙ্ক’
৪ জুলাই ইউ+ মোবাইল টিভি ও ডিজনি+তে মুক্তি পাচ্ছে ‘লাভ ইন সিঙ্ক’। ইনফিনিট ব্যান্ডের সদস্য ও অভিনেতা কিম মিয়ং-সু এই সিরিজে কাং মিন-আর সঙ্গে জুটি বেঁধেছেন। কিম মিয়ং-সু চা ইউন-হোয়ান নামে এক কাউন্সেলরের চরিত্রে অভিনয় করেছেন, আর কাং মিন-আ ইউ জি-আন নামে এক জনপ্রিয় পপ তারকার ভূমিকায় অভিনয় করেছেন।
‘দ্য হাজব্যান্ড’
৪ জুলাই কেবিএস২ ও ডিজনি+তে মুক্তি পাচ্ছে ‘দ্য হাজব্যান্ড’। নামকুং মিন কাং তে–জু নামে এক মধ্যবয়সীর চরিত্রে অভিনয় করেছেন, যার সংসার ভাঙনের মুখে। তাঁর স্ত্রী কো সে–ইউন অপহৃত হন এবং সন্দেহভাজনের তালিকায় কাং তে–জুর নাম ওঠে, ফলে তিনি পলাতক আসামিতে পরিণত হন। এতে আরও অভিনয় করেছেন লি সল ও কিম দে-মিয়ং।
‘ফ্যামিলি রেজিস্টার’
৬ জুলাই এমবিসিতে মুক্তি পাচ্ছে ‘ফ্যামিলি রেজিস্টার’। পার্ক সে-ইয়ং সংগ্রামের মধ্যে বেড়ে ওঠা না জি-নি চরিত্রে অভিনয় করেছেন। সিরিজের গল্প তাঁর ও তাঁর মাকে কেন্দ্র করে এগিয়েছে। এতে আরও অভিনয় করেছেন সুং ইয়ে-অন, ইম জি-ইউন ও হান গো-ইউন।
‘দ্য অ্যাপার্টমেন্ট জব’
১১ জুলাই জেটিবিসিতে মুক্তি পাচ্ছে ‘দ্য অ্যাপার্টমেন্ট জব’। জি সুং পার্ক হে-গাং চরিত্রে অভিনয় করেছেন, যিনি একসময় গ্যাংস্টার ছিলেন। তিনি একটি অ্যাপার্টমেন্টের সমিতির চেয়ারম্যান হতে চান, কারণ ভবনের ভেতরে লুকানো বিপুল অর্থের খোঁজ পেতে চান। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে দুর্নীতির বড় একটি জাল সামনে চলে আসে এবং অনিচ্ছা সত্ত্বেও তিনি সবার চোখে নায়ক হয়ে ওঠেন। এতে আরও অভিনয় করেছেন হা ইউন-কিয়ং ও মুন সো-রি।
‘ড্রিম টু ইউ’
১৩ জুলাই ইএনএতে মুক্তি পাচ্ছে ‘ড্রিম টু ইউ’। লি হে-রি জু ই-জে চরিত্রে অভিনয় করেছেন, যিনি একসময় সাহসী সাংবাদিক ছিলেন। অন্যদিকে হোয়াং ইন-ইয়োপ সু-বিন চরিত্রে অভিনয় করেছেন, যিনি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। ত্রিশের কোঠায় পৌঁছে তাঁরা জীবনের নতুন বাস্তবতার মুখোমুখি হন।
‘দ্য ইস্ট প্যালেস’
১৭ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য ইস্ট প্যালেস’। নাম জু-হিউক সামরিক সেবা শেষে কাজে ফিরছেন, ফিরে এটিই তাঁর প্রথম সিরিজ। ঐতিহাসিক ফ্যান্টাসি ঘরানার এই সিরিজে তিনি গু-চন চরিত্রে অভিনয় করেছেন। রো ইউন-সো রাজদরবারের এক কর্মীর চরিত্রে অভিনয় করেছেন, আর চো সেউং-উও অভিনয় করেছেন।
‘স্পুকি ইন লাভ’
১৮ জুলাই টিভিএনে মুক্তি পাচ্ছে ‘স্পুকি ইন লাভ’। এটি ২০১১ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘স্পেলবাউন্ড’-এর গল্প নিয়ে তৈরি হরর-রোমান্টিক কমেডি। পার্ক ইউন-বিন এক হোটেল উত্তরাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ভূত দেখতে পান। তাঁর সঙ্গী হন প্রসিকিউটর মা গাং-উক, যার চরিত্রে অভিনয় করেছেন ইয়াং সে-জং। অং সিওং-উও অভিনয় করেছেন।
‘আ শপ ফর কিলার্স সিজন ২’
২২ জুলাই ডিজনি+তে মুক্তি পাচ্ছে ‘আ শপ ফর কিলার্স সিজন ২’। জনপ্রিয় অ্যাকশন সিরিজটির দ্বিতীয় মৌসুম শুরু হবে প্রথম মৌসুমের ঘটনার পর থেকেই। সবাই ভেবেছিল জিন-মান মারা গেছেন, কিন্তু তিনি ফিরে আসেন। এদিকে তাঁর ভাগনি জি-আন এখন বিশেষ অস্ত্রের দোকানের দায়িত্বে। এবার দুজন মিলে পুরোনো শত্রুদের মোকাবিলা করবেন। এতে অভিনয় করেছেন লি ডং-উক ও কিম হে-জুন।
‘লাভ অন দ্য মেনু’
২৫ জুলাই কেবিএস২তে মুক্তি পাচ্ছে ‘লাভ অন দ্য মেনু’। আহন হি-ইয়ন হান কিউ-রিম চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি পাড়ার সাইড ডিশের দোকানের মালিক। তাঁর পরিচয় হয় পাশের ইতালীয় রেস্তোরাঁর শেফ কিম মু-জিনের সঙ্গে, যার চরিত্রে অভিনয় করেছেন হা সোক-জিন। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
‘আ বোনা ফাইড কিলার’
৩১ জুলাই এমবিসিতে মুক্তি পাচ্ছে ‘আ বোনা ফাইড কিলার’। সিরিজটি জনপ্রিয় ওয়েবটুন অবলম্বনে তৈরি। গং হিয়ো-জিন ইউ বো-না নামে এক সাধারণ অফিসকর্মী চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু গোপনে তিনি কিংফিশার নামে পরিচিত কিংবদন্তি ভাড়াটে ঘাতক। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরে তাঁকে এই দুই পরিচয়ই সামলাতে হয়। এদিকে তাঁর স্বামী, যার চরিত্রে অভিনয় করেছেন জুং জুন-ওন, একজন অনুসন্ধানী সাংবাদিক। তিনি জানেনই না, দীর্ঘদিন ধরে যে রহস্যময় ঘাতককে খুঁজছেন, তিনি আসলে তাঁরই স্ত্রী। লি সাং-ইও অভিনয় করেছেন।



