হঠাৎ বৃষ্টিতে থমকে গেল শুটিং। ক্যামেরা আর লাইট বন্ধ হলেও ইউনিটের ব্যস্ততা থামেনি। বেশিরভাগ সদস্য তখন রিলস ভিডিও তৈরিতে মগ্ন, কেউ কেউ লাইভ করছিলেন। শুটিং বন্ধ থাকায় সবার ব্যস্ততার চিত্র তুলে ধরছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি লাইভে মজা করে বললেন, 'শুটিংয়ে কে কী করছে, সবার মুখোশ ফাঁস করব।'
বৃষ্টিতে শুটিং স্থগিত, ইউনিটের ব্যস্ততা
মৌসুমী হামিদ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে দেখালেন, বৃষ্টি পড়ছে। লোকেশনে সবাই বসে আছেন। শুটিং স্থগিত হওয়ায় টিম ক্ষতির মুখে পড়েছে। তবে সেই ফাঁকে ইউনিটের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা মুঠোফোন হাতে ফেসবুক পোস্টে ব্যস্ত হয়ে পড়েন।
এই চিত্র তুলে ধরে মৌসুমী হামিদ মজা করে বলেন, 'দেখুন, শুটিংয়ে সবাই কে কী করছে। সবার হাতে ক্যামেরা। শুটিংয়ে আজকে সবার মুখোশ ফাঁস করব। আমরা সকাল আহমেদের শুটিং করছি। এই দেখুন, আমাদের পরিচালক বৃষ্টির কারণে গালে হাত দিয়ে বসে আছেন। কারণ, আমরা শুটিং করতে পারছি না। আর কিছু মানুষ রিল তৈরি করেই যাচ্ছে।'
ফেসবুক আয়ের কথা জানালেন মৌসুমী
অভিনেত্রী মৌসুমী হামিদ লাইভে এসে ফেসবুক থেকে আয়ের বিষয়েও কথা বলেন। তিনি নিজেও ফেসবুক থেকে আয়ের ব্যাপারে জানতেন না। তিনি বলেন, 'সবাই ব্যস্ত। অনেকেই নিয়মিত আয় করছে। কিন্তু আমি জানতামই না আমার ফেসবুকে আয় এসেছে। আজ (শামসুল ইসলাম) লেলিন (চিত্রগ্রাহক) আমাকে জানালেন, আমার অ্যাকাউন্টে ১৭৫ ডলার এসেছে। আমি কিছুই জানি না। এটা ভালো অনুভূতি। টাকা তুললে পার্টি দেব। হাঁস, খিচুড়ি পার্টি হবে।'
ঈদ নাটক 'লাভ স্টেশন' এর শুটিং
গাজীপুরের পুবাইলে মৌসুমী হামিদ ও অন্যরা ঈদ নাটক 'লাভ স্টেশন'–এর শুটিং করছিলেন। এটি লিখেছেন বৃন্দাবন দাস। শুটিং ইউনিটে ছিলেন চঞ্চল চৌধুরীসহ অনেকে। ডিজিটাল যুগে অভিনয়শিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ান—সবাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। নিজের উপস্থিতি জানান দিতে ব্যাপকভাবে রিল বা শর্ট ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে। শুটিংয়ে এভাবে ভিডিও তৈরি নিয়ে অনেক সময়ই শিল্পীরা বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হন।



