বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের অনুষ্ঠান ছিল ঘরোয়া, কিন্তু কনের হাতে থাকা আংটিটি ব্যতিক্রমী। মাদাগাস্কার থেকে আনা বিরল প্রাকৃতিক রুবি, ৪০টি হীরা ও শতাধিক কারিগরের নিখুঁত কারুকাজে তৈরি এই আংটি এখন বলিউডের নতুন আলোচনার বিষয়।
ঘরোয়া বিয়ের আয়োজন
৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে সমুদ্রমুখী নিজ বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬১ বছর বয়সী আমির খান। দুই পরিবারের সদস্য, তিন সন্তান ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। অতিথি ছিলেন প্রায় ১৫০ জন। বলিউডের চাকচিক্য থেকে দূরে ব্যক্তিগত পরিসরেই নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন এই যুগল।
আংটির নকশা ও কারুকাজ
আংটিটি তৈরি করেছে আন্তর্জাতিক বিলাসবহুল গয়নার ব্র্যান্ড কুইন। ব্র্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অমিত কুমার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, আংটির মূল আকর্ষণ একটি বিরল প্রাকৃতিক রুবি, যা বিশেষভাবে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা হয়েছে। উপযুক্ত মান, রং ও গুণগত বৈশিষ্ট্যের একটি রুবি খুঁজে পেতে তিন মাসেরও বেশি সময় লেগেছে।
আংটির কেন্দ্রে বসানো হয়েছে ক্যাবোশন-কাট প্রাকৃতিক রুবি। সাধারণ রুবির মতো এতে বহু দিক থেকে আলোর প্রতিফলন হয় না। বরং এর ওপরের অংশ মসৃণ ও গম্বুজাকৃতির হওয়ায় রত্নটির প্রাকৃতিক সৌন্দর্য আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। রুবিটির নিচে সোনার তৈরি মুকুটের আদলে একটি বিশেষ কাঠামো নির্মাণ করা হয়েছে, যা পুরো নকশায় রাজকীয় আবহ এনে দিয়েছে।
রুবির চারপাশে বসানো হয়েছে ৪০টি প্রাকৃতিক হীরা। পাশাপাশি নকশায় ব্যবহার করা হয়েছে আরও কয়েকটি মূল্যবান রত্ন। পুরো আংটি হাতে তৈরি করতে লেগেছে ২৫৬ ঘণ্টা, যাতে কাজ করেছেন ১৩১ জন দক্ষ কারুশিল্পী।
সম্পর্কের প্রতীক
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গৌরীর ব্যক্তিগত রুচি ও আমিরের পছন্দকে সামনে রেখেই আংটির নকশা চূড়ান্ত করা হয়। বিরল রুবি বেছে নেওয়ার সিদ্ধান্তও ছিল সচেতন। আংটিটি যেন কেবল দামি গয়না না হয়ে তাঁদের সম্পর্কের গভীরতার প্রতীক হয়ে ওঠে, সেই ভাবনা থেকেই এর নকশা করা হয়েছে।
আমির খানের ব্যস্ততা
ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেও পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আমির খান। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হচ্ছে ‘বাটওয়ারা ১৯৪৭’। রাজকুমার সন্তোষী পরিচালিত ছবিটিতে অভিনয় করছেন সানি দেওল, শাবানা আজমি, প্রীতি জিনতা ও আলী ফজল। ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা।



