রাশমিকা-বিজয়ের 'বিরোশ' বিয়ের উদ্যাপন শুরু, উদয়পুরের রাজকীয় প্রাসাদে ২৬ ফেব্রুয়ারি
রাশমিকা-বিজয়ের 'বিরোশ' বিয়ে, উদয়পুরের রাজকীয় প্রাসাদে ২৬ ফেব্রুয়ারি

রাজকীয় প্রাসাদে রাশমিকা-বিজয়ের 'বিরোশ' বিয়ে, উদ্যাপন শুরু

দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী ও বিলাসবহুল রাজকীয় প্রাসাদে ২৬ ফেব্রুয়ারি তাঁরা গাঁটছড়া বাঁধবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি থেকে স্পষ্ট, বিয়ের আগের উদ্যাপন অনেক আগেই শুরু হয়ে গেছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে।

পুলসাইডে ভলিবল ও জাপানি নৈশভোজের আয়োজন

বিজয় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে প্রাসাদের পুলের জলে ভলিবল নেট টানানো। বল মাঝ আকাশে থেমে আছে, জলের ছিটেফোঁটা আর সবুজে ঘেরা পরিবেশে বন্ধুদের সঙ্গে হালকা উচ্ছ্বাসের বিকেল কাটাচ্ছেন তাঁরা। পুলসাইডে লাল কাপে সাজানো পানীয়র ট্রে, হাসিঠাট্টা ও খোলা আকাশের দৃশ্য বরপক্ষের প্রাক্‌–বিবাহ আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে।

অন্যদিকে, রাশমিকা ভিন্ন আবহের আয়োজন তুলে ধরেছেন। সোনালি আলোয় সাজানো দীর্ঘ ডাইনিং টেবিল, গোলাপি লিলি ও সবুজ হাইড্রেনজায় সজ্জিত ফুলের তোড়া, পাশে সবুজ আপেল ও আঙুরের নান্দনিক বিন্যাস—সব মিলিয়ে এক পরিমিত রুচির দৃশ্য। বিশেষভাবে ছাপানো মেনু কার্ডে ইঙ্গিত মিলেছে, অতিথিদের জন্য জাপানি নৈশভোজের ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি ন্যাপকিনেও সূচিকর্মে লেখা 'বিরোশ' নামটি দেখা গেছে, যা ভক্তদের দেওয়া নামকে বিয়ের আনুষ্ঠানিক পরিচয়ে অন্তর্ভুক্ত করার আবেগঘন স্বীকৃতি।

'বিরোশ' নামের জন্ম ও ভক্তদের প্রতি শ্রদ্ধা

গত রোববার ইনস্টাগ্রামে এক যৌথ বার্তায় রাশমিকা ও বিজয় লিখেছেন, ভক্তদের ভালোবাসাই তাঁদের এক করেছে। তাঁরা বলেছেন, 'আমাদের পরিকল্পনার আগেই তোমরা আমাদের নাম দিয়েছ—বিরোশ। তাই আমাদের এক হওয়াকে আমরা তোমাদের সম্মানে “দ্য ওয়েডিং অব বিরোশ” নামে ডাকছি।' এই ঘোষণা মুহূর্তেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে, যা দক্ষিণি বিনোদন জগতে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে নীরবে আংটি বদল করেছিলেন রাশমিকা ও বিজয়। ২০১৮ সালে 'গীতা গোবিন্দম' ও ২০১৯ সালে 'ডিয়ার কমরেড' সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন ছিল। যদিও কখনো প্রকাশ্যে স্বীকার করেননি, নানা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি ও নতুন বছরে বন্ধুদের সঙ্গে ছুটি কাটানো জল্পনাকে তুঙ্গে তুলেছিল।

রাজকীয় প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা

জানা গেছে, উদয়পুরের বিলাসবহুল ঐতিহ্যবাহী প্রাসাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মূল বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। পরে হায়দরাবাদে শিল্পী ও বন্ধুদের জন্য আলাদা সংবর্ধনার আয়োজন থাকবে। দক্ষিণি ছবির দুই জনপ্রিয় মুখের এই মিলন নিয়ে ভক্তদের উত্তেজনা নতুন নয়, সামাজিক মাধ্যমে 'বিরোশ' নামে ট্রেন্ড বহুবার শিরোনাম হয়েছে। এবার সেই নামই বিয়ের আনুষ্ঠানিক পরিচয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিনোদন দুনিয়ায় তারকাদের বিয়ে সাধারণত আড়ম্বরপূর্ণ হয়, কিন্তু রাশমিকা ও বিজয়ের প্রাক্‌–বিবাহ মুহূর্তগুলোতে সহজ ও বন্ধুত্বপূর্ণ আবহ লক্ষণীয়। পুলে ভলিবল খেলা থেকে রুচিশীল ডিনার—সবকিছুতেই ব্যক্তিগত স্পর্শ রয়েছে। ২৬ ফেব্রুয়ারির রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধার অপেক্ষায় এখন শুধু তাঁদের পরিবার-বন্ধু নন, দক্ষিণি সিনেমাপ্রেমীরাও।