মুন্সীগঞ্জের শ্রীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় ভাসুর ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা কারা?
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের ইউনুছ শেখের ছেলে মো. হাশেম শেখ (৪৭) ও তার স্ত্রী শিরিনা বেগম (৩৫)। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
মামলার বিবরণ
মামলা সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী ছোট ভাই আব্দুল শেখের স্ত্রীর ধারণকৃত আপত্তিকর নগ্ন ভিডিও ও ছবি সরবরাহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ভাসুর হাশেম শেখ অর্থ দাবি করে আসছিলেন। এর আগে মামলার বাদীর স্বামী নিজের মানসম্মানের ভয়ে দাবিকৃত ১০ লাখ টাকা প্রদান করেন।
১৭ এপ্রিল বাদীর স্বামী সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসলে ২০ এপ্রিল সকালে তাদের বসতঘরে গিয়ে পুনরায় ২০ লাখ টাকা দাবি করেন ভাসুর হাশেম শেখ ও শিরিনা বেগম। টাকা দিতে অস্বীকার করলে নগ্ন ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।
গত ১ মে সন্ধ্যায় সিঙ্গাপুর প্রবাসী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে ঘরে একা পেয়ে ভাসুর হাশেম শেখ কুপ্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ৪ মে মুন্সীগঞ্জ আদালতে ভাসুর ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৬ মে শ্রীনগর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশের বক্তব্য
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



