উগ্রবাদে জড়িত সন্দেহে যশোরে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য আটক
ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য সন্দেহে যশোরে তরুণ আটক

উগ্রবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সদস্য সন্দেহে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।

আটকের সময় জব্দ করা জিনিসপত্র

আটকের সময় তাহসীনের বাসা থেকে একটি চাপাতি, তার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, 'ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে তাহসীনের বিরুদ্ধে একটি মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি তিন নম্বর আসামি।'

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন নিজেকে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য বলে স্বীকার করেছেন। তবে তার দাবি, যশোরে সংগঠনটির আর কোনো সদস্য নেই। পুলিশেরও দাবি, যশোরে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও জানান, রাতেই তাহসীনকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফাতাহ কমব্যাট সিস্টেমের কার্যক্রম

শাহ আমানত সাবির প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামের সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে। এর আগে গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিটিটিসির তথ্য

পরে সিটিটিসি জানায়, ওই নেটওয়ার্কের সঙ্গে আফগানিস্তানফেরত উগ্রপন্থিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থায়নে আবাসন প্রকল্পের আড়ালে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জন্য সদস্য সংগ্রহ এবং টিটিপির আদলে তেহরিক-ই-তালেবান বাংলাদেশ (টিটিবি) গঠনের চেষ্টার অভিযোগ রয়েছে।