মালয়েশিয়ায় ফেরার ১০ দিন পর ক্রেন দুর্ঘটনায় ফরিদপুরের যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় ফেরার ১০ দিন পর ক্রেন দুর্ঘটনায় ফরিদপুরের যুবকের মৃত্যু

আর্থিক সচ্ছলতার আশায় মালয়েশিয়ায় গিয়েছিলেন ফরিদপুরের তরুণ শোয়াইব বিশ্বাস (২৩)। ছুটিতে বিয়ে করে আবার প্রবাসে যাওয়ার ১০ দিন পর দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর এল পরিবারের কাছে।

দুর্ঘটনার বিবরণ

শোয়াইব ফরিদপুরের সালথা উপজেলার মুরুটিয়া গ্রামের শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাই–বোনের মধ্যে তিনি ছিলেন সেজ। ২০২৩ সালে তিনি মালয়েশিয়ায় যান। স্বজনেরা বলেন, প্রায় তিন বছর পর গত এপ্রিলে ছুটিতে দেশে ফেরেন শোয়াইব। পরিবারের ইচ্ছায় মে মাসের শুরুতে তিনি বিয়ে করেন। ১ জুলাই তিনি আবার মালয়েশিয়ায় ফিরে যান। সেখানে তিনি জোহর বাহরু শহরের একটি নির্মাতা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ পাইপ স্থাপনের কাজ করতেন। গতকাল শুক্রবার সকালে কর্মস্থলে ক্রেন দিয়ে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন শোয়াইব।

পরিবারের বক্তব্য ও সহায়তার আবেদন

শোয়াইবের ভগ্নিপতি তুহিন হাসান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে একই প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি সহকর্মী ফোন করে শোয়াইবের মৃত্যুর খবরটি জানান। পরে ভিডিও ও ছবি দেখে বিষয়টি সম্পর্কে তাঁরা নিশ্চিত হন। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

এ খবর পাওয়ার পর ওই বাড়িতে স্থানীয় লোকজন ও স্বজনেরা জড়ো হন বলে জানান মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ওহাব শেখ। তিনি বলেন, মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন শোয়াইব। মৃত্যুর ১০ দিন আগে কর্মস্থলে যান। তাঁর স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে আছেন।

সরকারি সহায়তার আশ্বাস

শোয়াইবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরিদপুর প্রবাসীকল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ