বরিশাল নগরীর একটি হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) শারীরিকভাবে লাঞ্ছিত করে দুটি চেক ও স্টাম্পে সই আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি শনিবার দুপুরে বরিশাল নগরীর হোটেল আলী সংলগ্ন এলাকায় অগ্রণী হাউজিং লিমিটেডের অফিসে ঘটে।
ভুক্তভোগীর বক্তব্য
লাঞ্ছনার শিকার আব্দুল আজিজ হাওলাদার অভিযোগ করেন, আকস্মিকভাবে তিন-চার জন লোক নিয়ে মোস্তাফিজুর রহমান লিটু তার অফিসে হানা দেন। স্টাফদের বের করে দরজা আটকে দিয়ে লিটু তার অণ্ডকোষ চেপে ধরেন। চিৎকারে স্টাফরা দরজা ধাক্কাধাক্কি করলে তাদের ভয় দেখানো হয়। পরে লিটু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দুটি চেক ও স্ট্যাম্পে তার সই নেন, যেখানে কোনো টাকার অংক ছিল না।
অভিযুক্তের দাবি
অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু বলেন, ‘আজিজের কাছে আমার পাওনা রয়েছে ৫০ লাখ টাকার উপরে। এ টাকা নিয়ে বছরের পর বছর টালবাহানা করছেন তিনি।’ তিনি আরও দাবি করেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় থেকে আজিজ বহু লোকের টাকা আত্মসাৎ করেছেন। ৫ আগস্ট পরবর্তী বারবার তাগিদ দেওয়া হলেও টাকা ফেরত দেননি। ‘হাতে টাকা আসলে ফেরত দেবো’ বলেই গড়িমসি করতেন বলে জানান লিটু।
যুবদলের অবস্থান
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান বলেন, যাকে যুবদলের সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে, তার দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা নেই। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেউ প্রমাণ দিতে পারলে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন।
পুলিশের বক্তব্য
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, ঘটনার পর আব্দুল আজিজ মৌখিকভাবে জানিয়েছেন। রবিবার আদালতে মামলা দায়ের করবেন। ওসি বলেন, ‘এখন পর্যন্ত মামলার নথি আমার হাতে আসেনি। আদালত থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেভাবেই বিষয়টি দেখা হবে।’



