নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানে র্যাবের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের অবস্থা
আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। সেই সঙ্গে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
হামলার বিবরণ
হামলার বিষয়ে মুঠোফোনে লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’ স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। র্যাব অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।



