কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর একটি বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার।
অভিযানের বিবরণ
নৌবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে নৌবাহিনীর সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালায়। তল্লাশিতে ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার মাদকের মূল্য
উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছে নৌবাহিনী। এছাড়াও দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।
আসামি আটক
একই এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার বলেন, বিশেষ অভিযানের প্রেক্ষিতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-মাদক উদ্ধার করা হয়েছে।
আইনি ব্যবস্থা
পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ হওয়া অস্ত্র-মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নৌবাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।



