জর্ডান সরকার অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আইনি বৈধতা অর্জনের সুযোগ দিয়েছে। জর্ডানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আকামা ও তাসরিয়া নবায়ন করে কর্মস্থল বা পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।
সময়সীমা ও ব্যতিক্রম
এই আদেশ চলতি বছরের ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে কিছু ব্যক্তি এই আইনের আওতার বাইরে থাকবেন:
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫-এর পর জর্ডানে প্রবেশ করা যেকোনো ভিসাধারী বাংলাদেশি
- বিশেষজ্ঞ ভিসায় নিয়োগপ্রাপ্ত (অনুবাদক, গাড়িচালক, মেকানিক, আইটি বিশেষজ্ঞ, ইলেকট্রিশিয়ান, কাঠমিস্ত্রি ইত্যাদি)
- বিচারাধীন বা সাজা ভোগকারী ব্যক্তিরা
এই ঘোষণার মূল লক্ষ্য দেশটিতে থাকা বিদেশি শ্রমিকদের আইনি অবস্থান পরিবর্তন ও বৈধকরণ এবং বাংলাদেশে প্রত্যাবর্তনে সহায়তা করা।
যারা স্থায়ীভাবে দেশে ফিরতে চান
স্থায়ীভাবে জর্ডান ত্যাগ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা রয়েছে:
- জরিমানা মাফ: সব ধরনের জরিমানা (গারামা) সম্পূর্ণ মওকুফ করা হবে।
- সোশ্যাল সিকিউরিটি তহবিল: মাত্র ১০ জর্ডান দিনার প্রক্রিয়াকরণ ফি দিয়ে সঞ্চয় উত্তোলন করা যাবে।
বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সরাসরি টিকিট কেটে দেশে ফিরে যাওয়া যাবে।
যারা জর্ডানে থেকে কাজ করতে চান
অবৈধভাবে অবস্থানরতদের বৈধতা অর্জনের জন্য শর্তসাপেক্ষে সুযোগ দেওয়া হয়েছে:
- ওয়ার্ক পারমিট ফিতে ৫০% ছাড়: পূর্ববর্তী বছরের তাসরিয়াহ ফির অর্ধেক এবং চলতি বছরের সম্পূর্ণ ফি দিতে হবে।
- বিলম্ব জরিমানা ১০০% মওকুফ: তাসরিয়াহ বা আকামা নবায়নে দেরির জন্য বার্ষিক জরিমানা সম্পূর্ণ মাফ।
- রেসিডেন্সি বিলম্ব ফি মওকুফ: মেয়াদোত্তীর্ণ অবস্থানের জন্য বিলম্ব ফি ১০০% মওকুফ।
তাসরিয়া করার জন্য ওজারাতুল আমালে যোগাযোগ করতে হবে। তাসরিয়া হয়ে গেলে নিকটস্থ মারকাজ শুরতা বা মারকাজুল আমালে গিয়ে আকামা করতে হবে।
গৃহকর্মীদের জন্য নিয়ম
গৃহকর্মীরা বৈধতা অর্জন ও কফিল পরিবর্তনের সুযোগ পাবেন:
- কমপক্ষে দুই বছর আগে যাদের আকামা ও তাসরিয়াহর মেয়াদ শেষ হয়েছে, তারা পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।
- এর জন্য প্রযোজ্য জরিমানা ও শর্তাবলী উপরোক্ত বিধানের মতোই প্রযোজ্য।
কর্মক্ষেত্র পরিবর্তনের স্বাধীনতা
শ্রমিকরা বিনা বাধায় এক কাজ থেকে অন্য কাজে যেতে পারবেন (যেমন গার্মেন্টস থেকে গৃহকর্মী বা কৃষিকর্মী)। এক শহর থেকে অন্য শহরে গিয়ে কাজের অনুমতি নেওয়া যাবে। ফ্রি ওয়ার্ক পারমিট (ফ্রিল্যান্স) পাওয়া যাবে। গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ২ বছরের বেশি আগে শেষ হয়েছে, তারা পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।
ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসা
ভিজিট ভিসায় (পর্যটক, পারিবারিক ইত্যাদি) আসা ব্যক্তিরা প্রথমবারের মতো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন, জর্ডান ত্যাগ করার প্রয়োজন নেই।
স্থায়ীভাবে দেশে ফেরার পদ্ধতি
- বৈধ পাসপোর্ট হাতে রাখুন।
- পাসপোর্ট না থাকলে দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করুন।
- ট্রাভেল পাস/ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করুন।
- আবেদনের জন্য মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট/ই-পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র/ডিজিটাল অনলাইন জন্মসনদ (মূল কপি, মেয়াদোত্তীর্ণ হলেও চলবে) প্রয়োজন।
- হারানো পাসপোর্টের জন্য জিডি করে কপি জমা দিন।
- আবেদনের সঙ্গে তিন কপি ছবি দিন। আবেদন ফি ৩০,০০০ জর্ডান দিনার।
মামলা যাচাই
নিজের নামে মামলা আছে কি না, তা নিকটস্থ থানায় বা ১১৭১১১ নম্বরে ফোন করে যাচাই করা যাবে। পাসপোর্টের স্টিকারে লেখা ১০ অঙ্কের নম্বর প্রয়োজন।
দূতাবাস জানিয়েছে, দালাল বা প্রতারণা থেকে বাঁচুন এবং কারও সঙ্গে অবৈধ লেনদেন করবেন না। প্রয়োজন হলে দূতাবাসের সাহায্য নিন।



