যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, ইরানে যেকোনো সময় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন।
হামলার পরিকল্পনা এখনও হাতে
ব্লুমেন্থাল বলেন, ‘কিছু ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে তা হলো, একটি সামরিক হামলার পরিকল্পনা এখনও হাতে আছে।’ তিনি এটিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ আখ্যা দিয়ে বলেন, এতে আমেরিকার সেনারা বিপদে পড়তে পারে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা আছে।
তিনি আরও বলেন, ‘আমি আরও বিস্তারিত বলতে পারছি না, কারণ এই ব্রিফিংগুলোর অন্তত একটি গোপনীয় পরিবেশে হয়েছে। তবে আমি নিশ্চিত করে বলছি না এটি কখন হবে। কিন্তু এটি একটি সম্ভাব্য পরিকল্পনা হিসেবে হাতে আছে।’
সামরিক নেতাদের দীর্ঘদিনের আলোচনা
ব্লুমেন্থাল জানান, এই পরিকল্পনার সঙ্গে যুক্ত সামরিক নেতারা অনেকদিন ধরেই এ বিষয়ে কথা বলে আসছেন। তাই এই বিষয়টা মোটেও অবাক করার মতো কিছু নয়।
এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে ইরানের বিষয়ে নতুন সামরিক পরিকল্পনার বিস্তারিত শোনার কথা ছিল। ইরানকে চুক্তিতে রাজি করাতে ট্রাম্প চাপ অব্যাহত রেখেছেন।
ইরানের অনমনীয় অবস্থান
অন্যদিকে ইরানও নমনীয়তার কোনো আভাস দিচ্ছে না। ফলে বিষয়টি এখনও অমীমাংসিতই রয়ে গেছে। এর ফলে নতুন হামলার শঙ্কাও বাড়ছে।



