জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পের পর এ পর্যন্ত অন্তত ২০টি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই তথ্য নিশ্চিত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভূমিকম্পের মাত্রা ও সময়
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, আমরা জানাতে চাই যে, আজ আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে পরপর দুটি ভূমিকম্প ঘটে, যার প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং পরেরটি ছিল ৭.৫। এখন পর্যন্ত ২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত এলাকা
তিনি এই দুর্যোগকে একটি গুরুতর ফলাফল বয়ে আনা ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, এটি আজ বিশেষভাবে বেশ কয়েকটি রাজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে। এছাড়া মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরাগুইয়া, কারাবোবো এবং ফ্যালকন রাজ্যেও এর প্রভাব পড়েছে।
সমবেদনা ও জরুরি ব্যবস্থা
জনগণের এই অত্যন্ত স্পর্শকাতর মুহূর্তে এবং যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন, তাদের প্রতি তাৎক্ষণিক সমবেদনা জানান ডেলসি রদ্রিগেজ। গুরুতর কাঠামোগত ক্ষতির শিকার বাড়িঘর খালি করার নির্দেশ দিয়ে রদ্রিগেজ বলেন, বেসামরিক সুরক্ষা ব্যবস্থা ও জাতীয় জরুরি সেবা সংস্থাগুলো ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। এ সময় তিনি সংবিধান অনুযায়ী দেশে জরুরি অবস্থা ঘোষণার কথাও জানান।



