ইউক্রেন যুদ্ধের সমাধানের কাছাকাছি পৌঁছেছে: ট্রাম্প
ইউক্রেন যুদ্ধের সমাধানের কাছাকাছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চার বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের উদ্যোগ ধারণার চেয়ে বেশি ভালোভাবে এগোচ্ছে এবং সমাধানের কাছাকাছি পৌঁছেছে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প আরও জানান, তুরস্কে শুরু হওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলবেন।

ট্রাম্পের আশাবাদ ও ফোনালাপ

সপ্তাহান্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে ফোনালাপের পর ট্রাম্প এই আশাবাদী মন্তব্য করেন। তবে তিনি কেন ইউক্রেন সংঘাতকে সমাধানের কাছাকাছি মনে করছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। ট্রাম্প বলেন, 'এটি এমন একটি বিষয়, যার সমাধানে আমরা ধারণার চেয়েও অনেক কাছাকাছি পৌঁছে গেছি বলে মনে হয়। আর প্রেসিডেন্ট পুতিন এ যুদ্ধের অবসান চান। আমি খুব দৃঢ়ভাবেই এটা বলতে পারি।'

ট্রাম্প জানান, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে পুতিনের সঙ্গে তাঁর 'আন্তরিক একটি ফোনালাপ' হয়েছে। ক্রেমলিনে পুতিনের এক সহযোগী বলেছেন, ওই ফোনালাপ প্রায় ৮৫ মিনিট স্থায়ী হয়েছিল। ওই কথোপকথনে ট্রাম্প শান্তির পথে অগ্রসর হওয়ার উপায় খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব দেন। জেলেনস্কির সঙ্গেও ফোনালাপকে 'খুব ভালো' বলে উল্লেখ করেন ট্রাম্প।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ন্যাটো সম্মেলন ও বৈঠক

আজ শুরু হওয়া দুই দিনের ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা আছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, এ বৈঠকের মূল উদ্দেশ্য হবে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া। এই কর্মকর্তা আরও বলেন, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সম্ভবত পুতিনের সঙ্গে আবার কথা বলবেন। ট্রাম্প বলেন, 'প্রেসিডেন্ট জেলেনস্কিও এখন সত্যিই এ যুদ্ধের অবসান চান। আমরা ন্যাটো সম্মেলনে যাচ্ছি, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস, আমরা সফল হব।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রেমলিনের প্রতিক্রিয়া

মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাতের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে বলে তিনি মনে করেন না। পেসকভ সাংবাদিকদের বলেন, 'আপনারা জানেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অবস্থানের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেছেন। তিনি নাকি আবহাওয়ার দিকনির্দেশক যন্ত্রের মতো বারবার মত বদলাচ্ছেন—এ ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।' পেসকভ আরও বলেন, পুতিন ও ট্রাম্প নিকট ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

জেলেনস্কির বক্তব্য

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের কিছু সাফল্যের কারণে ট্রাম্প এখন এ যুদ্ধকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন বলে তাঁর বিশ্বাস। ট্রাম্প তাঁকে বলেছেন যে রাশিয়ার তেলশিল্পকে লক্ষ্য করে চালানো দূরপাল্লার ড্রোন অভিযানে ইউক্রেন খুব ভালো করছে। ইউক্রেনের এসব হামলার কারণে রাশিয়ার বিভিন্ন এলাকায় জ্বালানিসংকট দেখা দিয়েছে। জেলেনস্কি আরও বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় সাফল্যের দিকেই থাকতে চান।'

গত বছর ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক তীব্র বাগ্‌বিতণ্ডায় রূপ নেওয়ার পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট দুজনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি জেলেনস্কিকে দ্রুত রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছিলেন, আলোচনায় ইউক্রেনের হাতে 'তেমন কোনো শক্তিশালী তাস নেই'। তবে ট্রাম্প নতুন বক্তব্যে এ বিষয়ে কিছু উল্লেখ করেননি।

রুশ হামলায় নিহত ২৮

সোমবার কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এই হামলার মধ্যেই ট্রাম্পের আশাবাদী মন্তব্য এলো।