নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে মোহাম্মদ মিলন (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকালের দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা শাখা নদীতে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে নামেন মিলনসহ আরও কয়েকজন জেলে। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত মিলন নদীর পানিতে তলিয়ে যান। কাছাকাছি থাকা অন্য জেলেরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে পানির ওপর তার জাল ভাসতে দেখে সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করেন।
লাশ উদ্ধার
প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে নদীর পানি কিছুটা কমে এলে মিলনের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন খবরটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



