মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞতার আহ্বান
ট্রাম্প বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা। কারণ ইরানের পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে ইসরাইলকে রক্ষা করেছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, লেবাননে ইসরাইলের হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। নেতানিয়াহুকে 'খুবই কঠিন একজন মানুষ' বলে উল্লেখ করেন ট্রাম্প।
চুক্তি ও হামলার প্রসঙ্গ
ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে। তিনি দাবি করেন, ইরানের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করেছে।
তার ভাষায়, 'তারা তৃতীয় হামলা চায়নি। তারা বেঁচে থাকতে চায়।' ট্রাম্প আরও বলেন, 'মূল বিষয় হলো, আমাদের চালানো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নে বিশাল ভূমিকা রেখেছে। এর প্রভাব ছিল অত্যন্ত বড়।'



