ইরানের কয়েকটি হামলা এবং যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ সত্ত্বেও দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি।’
হরমুজ প্রণালিতে মার্কিন মিশন
পিট হেগসেথ জানান, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনার জন্য শুরু হওয়া নতুন গাইড মিশনটি শান্তিপূর্ণভাবে পরিচালনা করতেই পছন্দ করবে মার্কিন সামরিক বাহিনী। তবে পরিস্থিতি পরিবর্তন হলে যেকোনও পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন।
এই অভিযানকে ‘সাময়িক মিশন’ হিসেবে উল্লেখ করে হেগসেথ বলেন, তাদের উদ্দেশ্য হলো এই জলপথের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত সেই দেশগুলোর হাতে তুলে দেওয়া, যাদের কাছে এই প্রণালির গুরুত্ব যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক বেশি। তিনি বলেছেন, ‘আমরা আশা করি এবার বিশ্ব এগিয়ে আসবে।’ তবে ইরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা
গত গ্রীষ্মে পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের প্রসঙ্গ টেনে হেগসেথ বলেন, চলতি বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে নতুন করে হামলা চালিয়েছে কারণ ইরানিদের ‘পারমাণবিক বোমা তৈরির আকাঙ্ক্ষা এখনও বিদ্যমান ছিল।’
অপারেশন মিডনাইট হ্যামার-এর প্রাথমিক বোমাবর্ষণের পরও গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে যে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সময়সীমা এখনও ৯ থেকে ১২ মাস রয়ে গেছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ায় তাদের কর্মসূচি পিছিয়ে গেছে। আশা করি ইরান এমন একটি পথ বেছে নেবে যেখানে তারা এই উচ্চাকাঙ্ক্ষা ও সক্ষমতা ত্যাগ করবে।
সূত্র: এপি



