যুক্তরাষ্ট্রের জন্য 'বিজয়' হিসেবে যুদ্ধবিরতি, ইরানের ১০ দফা মেনে নেওয়ার দাবি
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভেট দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিকে মার্কিনিদের 'বিজয়' বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, 'এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়। যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছে।'
ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নেওয়ার দাবি
এদিকে ইরান বুধবার ভোরে জানিয়েছে, যুক্তরাষ্ট্র 'নীতিগতভাবে' তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে। এই প্রস্তাবটি একটি বড় চুক্তির জন্য আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে, যদিও পরিকল্পনার সব বিষয় প্রকাশ্যে জানানো হয়নি।
ইসরাইলের নতুন হামলা
যদিও ইসরাইল আজ ভোরেও ইরানে হামলা চালিয়েছে। দখলদার দেশটির টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে জানিয়েছে, ইসরাইল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাদের অবদান সামনে এনে কারোলিন লেভেট বলেন, 'আমাদের সামরিক বাহিনীর সফলতা সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে। যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার টিম কঠোর আলোচনায় বসতে পেরেছেন। আর সেই আলোচনার মাধ্যমেই এখন কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি হয়েছে।'
এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্য সংকটে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে, যদিও ইসরাইলের হামলা চলমান উত্তেজনা নির্দেশ করে।



