ইসরাইলের জন্য যুদ্ধে মার্কিন জনগণের অনীহা: সিনেট শুনানিতে বিক্ষোভকারীর হাত ভাঙল
যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটির একটি গুরুত্বপূর্ণ শুনানিতে অপ্রত্যাশিত বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই শুনানিতে ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলা নিয়ে আলোচনা চলছিল। ঠিক সেই মুহূর্তে দর্শক সারি থেকে সামরিক পোশাকে দাঁড়িয়ে পড়েন সাবেক মেরিন সেনাসদস্য ব্রায়ান ম্যাকগিনিস।
শুনানিতে আকস্মিক প্রতিবাদ
নর্থ ক্যারোলাইনা থেকে গ্রিন পার্টির হয়ে সিনেট নির্বাচনে লড়তে যাওয়া ব্রায়ান ম্যাকগিনিস নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ট্রাম্প প্রশাসনের রণকৌশলকে। সিনেটের শুনানি কক্ষে ঢুকেই তিনি জোরে চিৎকার করে বলেন, 'ইসরাইলের জন্য লড়তে কেউ চায় না।' তার এই আকস্মিক বক্তব্যে পুরো শুনানিতে তোলপাড় শুরু হয়।
শুনানিটি ছিল ইরানের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল ও সামরিক প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। ম্যাকগিনিসের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে একাধিক নিরাপত্তাকর্মী তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা তাকে জোর করে হলরুম থেকে বের করে নেওয়ার সময়ও তিনি চিৎকার করতে থাকেন, 'ইসরাইলের জন্য যুদ্ধে আমেরিকা তার ছেলেমেয়েদের পাঠাতে চায় না!'
ধস্তাধস্তিতে আহত বিক্ষোভকারী
কর্মকর্তা ও রিপাবলিকান সিনেটর টিমোথি প্যাট্রিক শিহি প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে ম্যাকগিনিসকে ধাক্কা ও টানাহেঁচড়া করতে থাকেন। মেরিন সেনার এই আকস্মিক প্রতিবাদে পুরো শুনানিতে মারাত্মক বিঘ্ন ঘটে। একপর্যায়ে তাকে কক্ষ থেকে সরিয়ে নেওয়ার সময় ক্যাপিটল পুলিশ ও সিনেটর শিহির সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়।
ব্রায়ানের অভিযোগ, এ ধস্তাধস্তির একপর্যায়ে দরজার ফাঁকে আটকে তার হাত ভেঙে গেছে। রয়টার্সের যাচাই করা এক ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাক পরিহিত ব্রায়ানকে কক্ষের দরজা দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করছেন সিনেটর টিমোথি প্যাট্রিক শিহি ও ক্যাপিটল হিলের পুলিশ কর্মকর্তারা। সে সময় একটি খোলা দরজায় ব্রায়ানের হাত আটকে যায়। তবে এ আঘাতের পরও দমে যাননি ব্রায়ান।
বিক্ষোভকারীর প্রতিক্রিয়া ও পুলিশের অভিযোগ
বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রায়ান জানান, নর্থ ক্যারোলিনা থেকে গ্রিন পার্টির প্রার্থী হিসাবে মার্কিন সিনেট নির্বাচনে নিজের প্রচার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ৪৪ বছর বয়সি ম্যাকগিনিসের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, গ্রেফতারে বাধা দেওয়া ও অবৈধ বিক্ষোভ চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাকগিনিস বলেন, 'আমি অনেক আগে থেকেই এ নিয়ে লড়ছি। নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে গিয়ে হাত ভাঙার পরও আমার এই যাত্রা থামেনি। এ ঘটনা আমাকে আরও সংকল্পবদ্ধ করেছে। মানুষের ক্ষোভ যেমন সত্য, সংকল্পও তেমনি বাস্তব।'
সিনেটরের বক্তব্য
মন্টানার প্রতিনিধি টিমোথি প্যাট্রিক শিহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ওই হাতাহাতি থামাতে তিনি হস্তক্ষেপ করেছিলেন। শিহি লিখেছেন, 'ক্যাপিটল পুলিশ সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির শুনানি থেকে এক উন্মত্ত বিক্ষোভকারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ওই ব্যক্তি পুলিশকে বাধা দিচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি সহায়তার সিদ্ধান্ত নিই। এই ভদ্রলোক ক্যাপিটলে এসেছিলেন সংঘাতের উদ্দেশ্য নিয়ে এবং তিনি তা-ই পেয়েছেন।'
এই ঘটনা মার্কিন রাজনীতিতে ইসরাইল নীতিকে ঘিরে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে বলে বিশ্লেষকদের ধারণা। সিনেট শুনানিতে এমন প্রতিবাদ বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইসরাইল নীতি নিয়ে বিভক্তির গভীরতাকে ফুটিয়ে তুলছে।



