সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিএসসি জাহাজের নাবিকদের দোয়া প্রার্থনা, মন্ত্রীর সহমর্মিতা
সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিএসসি জাহাজের নাবিকদের দোয়া প্রার্থনা

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিএসসি জাহাজের নাবিকদের দোয়া প্রার্থনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ৩১ জন নাবিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তারা এই আবেদন জানান। ভিডিওতে জাহাজটিতে অবস্থানরত সকল নাবিককে দেখা গেছে, যারা সংকটময় মুহূর্তে ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন।

নাবিকদের ভিডিও বার্তায় আবেদন

৩৪ সেকেন্ডের ভিডিও বার্তায় জাহাজের এক নাবিক বলেন, ‘আমরা এমভি বাংলার জয়যাত্রা জাহাজে কর্মরত রয়েছি। এই সংকটময় সময়ে আমরা আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ও পেশাগত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সচিব এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক স্যার আমাদের নির্দেশনা দিয়ে পাশে আছেন। সর্বাত্মক সহযোগিতা করছেন। আমরা এই সংকট দ্রুত কাটিয়ে উঠবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

জাহাজের অবস্থা ও পণ্য খালাস

বিএসসি সূত্র থেকে জানা গেছে, এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করা জাহাজটির পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে সোমবার জেবেল আলী বন্দরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পণ্য খালাস শুরু হয়েছে বলে বিএসসি নিশ্চিত করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএসসি ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেবেল আলী বন্দরে আটকা পড়া এমভি বাংলার জয়যাত্রা জাহাজে ৩১ জন নাবিক-ক্রু রয়েছেন। আমরা জাহাজের মাস্টারের সঙ্গে জুমে বৈঠক করেছি এবং প্রয়োজনে ভিডিও কলে যোগাযোগ রাখছি। সকল নাবিককে নিরাপত্তা ও সুরক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে পর্যাপ্ত পানি ও খাদ্যের মজুত আছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এটি ছাড়াও বিএসসির মালিকানাধীন আরও ছয়টি জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, লাইবেরিয়া, পাকিস্তান, সেনেগাল ও রাশিয়ার বিভিন্ন বন্দরে অবস্থান করছে। এই জাহাজগুলো নিরাপদে আছে।’

নৌপরিবহনমন্ত্রীর সহমর্মিতা

এদিকে, এমভি বাংলার জয়যাত্রার নাবিকদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন যে অচিরেই এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে।

ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, ‘কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে জেবেল আলী বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও সাহসিকতা, ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিচ্ছেন, যা জাতির জন্য গর্বের বিষয়। জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মহান দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই দৃঢ় অবস্থান সরকারের কাছে অত্যন্ত মূল্যবান। জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই দুঃসময়ে সরকার তাদের পাশে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।’

সরকারি পদক্ষেপ ও সহায়তা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিপিং করপোরেশন কর্তৃপক্ষ নিয়মিত ভার্চুয়াল সভার মাধ্যমে জাহাজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা দিতে চট্টগ্রামে বিএসসি সদর দফতরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। নাবিকদের মনোবল অটুট রাখতে অতিরিক্ত সরবরাহের মাধ্যমে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী আরও যোগ করেন, ‘দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে অবগত রয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিএসসি তাদের এবং তাদের পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট উত্তরণ সম্ভব হবে।’