দিল্লির হোটেলে আগুনে নিহত ২০, আহত কয়েকজন
দিল্লির হোটেলে আগুনে নিহত ২০, আহত কয়েকজন

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ২০ জন মারা গেছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার (৩ জুন) সকালে মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনজুড়ে।

ঘটনাস্থলে একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট অংশ নেয়। খবর এনডিটিভির।

হোটেলে ছিলেন ৪০ জন, অধিকাংশ বিদেশি

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেফের বর্ণনায় আগুন লাগার ঘটনা

হোটেলের নিচতলায় একটি রেস্তোরাঁও ছিল। সেখানে কর্মরত শেফ কেসর সিং জানান, সকাল প্রায় ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আগুনে গ্রাস করে নেয়। তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করি যে হোটেলে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে দেখি পুরো ভবনই আগুনে জ্বলছে। কোনোমতে আমি প্রাণে বাঁচতে সক্ষম হই।

আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ চলছে এবং নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ