যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান যুদ্ধ বন্ধে বিল পাস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান যুদ্ধ বন্ধে বিল পাস

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের ফাইল ছবি: এএফপি। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। এর লক্ষ্য হলো, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা।

বিল পাসের বিবরণ

স্থানীয় সময় গতকাল বুধবার ২১৫–২০৮ ভোটে এ বিল পাস হয়। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চার সদস্যও বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটা মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা।

পরবর্তী পদক্ষেপ

পাস হওয়া বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হতে হবে। সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ। তবে সিনেটে অনুমোদন পেলেও এ উদ্যোগ যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ করতে পারবে, সেটা মনে করছেন না বিশ্লেষকদের অনেকেই। এ পদক্ষেপে ভেটো দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তখন সেটা বাতিল করার জন্য পার্লামেন্টের উভয় কক্ষে দুই–তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ভূমিকা

গতকালের ভোটাভুটিতে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি, ব্রায়ান ফিৎজপ্যাট্রিক, টম ব্যারেট ও ওয়ারেন ডেভিডসন বিলের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে মেইনের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জারেড গোল্ডেন এর আগে এমন উদ্যোগের বিপক্ষে থাকলেও এবার পক্ষে ভোট দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, একমাত্র কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করে থাকে। এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিলের পক্ষে ভোট দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশোধ নিতে পারেন কি না, এ নিয়ে দুশ্চিন্তা করছেন কি—এমন প্রশ্নের জবাবে টম ব্যারেট বলেন, ‘আমি আমার বিবেক অনুযায়ী ভোট দিয়েছি। এটাকে আমি সঠিক বলে মনে করছি। এর দায়ভার নিতেও প্রস্তুত আছি।’

বিশ্লেষকদের মতামত

কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ প্রতিনিধি গ্রেগরি মিকস এ ভোটাভুটিকে ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের চালানো ‘অবৈধ ও ব্যয়বহুল’ যুদ্ধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দ্বিদলীয় প্রতিবাদ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে, এটা চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করার পথে প্রথম পদক্ষেপ।

এ কংগ্রেসম্যান আরও বলেন, যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। উল্টো দেশে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বর্তমান পরিস্থিতি ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কূটনৈতিক সমাধানের পথকে আরও কঠিন করে তুলেছে।