মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত
মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত

কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬৪ বিজিবির অধীনস্থ উখিয়া সীমান্তের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাটাপাহাড় পোস্ট সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক সালমান গুরুতর আহত হন।

উদ্ধার ও চিকিৎসা

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা। তিনি মো. নিজামত আলীর ছেলে। তবে কী কারণে তিনি মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন তা জানা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

এর আগে গত ২৪ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও প্রাণঘাতী স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার দুপুরে ঘুমধুম সীমান্তের শূন্যরেখা এলাকায় মাইন বিস্ফোরণে তিন পাহাড়ি বাংলাদেশি নাগরিক নিহত হন। ওই ঘটনার প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কাঠ সংগ্রহের জন্য সীমান্ত অতিক্রম করার সময় তারা স্থল মাইনের কবলে পড়েন। নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের লেঠাইয়া চাকমা (৪১), অংক্যামং চাকমা (৫০) ও চিংক্যা অং চাকমা (৪০)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ