পাকিস্তানে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্বাত থেকে পেশাওয়ারগামী একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি সড়কের পাশে থামে। যাত্রীরা গাড়ি থেকে নেমে কাছাকাছি অপেক্ষা করছিলেন, এমন সময় একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভিড় ও পার্ক করা বাসের মধ্যে ধাক্কা দেয়।
উদ্ধার কর্মকর্তা বিলাল আহমদ ফয়েজি এএফপিকে বলেন, 'কমপক্ষে ১৭ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছে।' তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ডা. মুহাম্মদ আলীও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
অনেক যাত্রী মুসলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদের আগে বাড়ি ফিরছিলেন।
ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, দ্রুত গতি, দুর্বল সড়ক নিরাপত্তা মান এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে পাকিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ ব্যাপার।



