ঢাকায় গতকাল বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে আজ ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে, যা গরম কমাতে সহায়তা করবে। বুধবার (১৩ মে) সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং এর সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তাপমাত্রার পরিবর্তন
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি বেড়েছে।
বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস
পূর্বাভাস অনুযায়ী, শুধু ঢাকায় নয়, দেশের আরও ৮টি অঞ্চলে আজ কালবৈশাখী বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। এ সব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে।



