টেকসই অবকাঠামো নির্মাণে জলবায়ু সহনশীল ও মানসম্মত নির্মাণসামগ্রীর ব্যবহার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন। তিনি বলেন, 'আধুনিক ও পরিবেশবান্ধব নির্মাণ উপকরণের কার্যকর ব্যবহার মাঠপর্যায়ে সম্প্রসারণ করা গেলে দেশের অবকাঠামো উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'
কর্মশালার আয়োজন
মঙ্গলবার (৫ মে) এলজিইডি সদর দফতরের সেমিনার কক্ষে 'অ্যাসেসমেন্ট অব বেস্ট প্র্যাকটিস ইন টার্মস অব বিল্ডিং মেটেরিয়ালস' শীর্ষক ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এই কর্মশালার আয়োজন করে।
সভাপতিত্ব ও উপস্থাপনা
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। এতে পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস কনসালটিং লিমিটেডের টিম লিডার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা
এছাড়া এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, নির্বাহী ও সহকারী প্রকৌশলীরা কর্মশালায় অংশ নেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই নির্মাণসামগ্রী ব্যবহারে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক হবে।



