তাপপ্রবাহ থেকে মুক্তি দিচ্ছে বৃষ্টি, আরও কয়েকদিন থাকতে পারে
তাপপ্রবাহ থেকে মুক্তি দিচ্ছে বৃষ্টি, আরও কয়েকদিন থাকবে

তপ্ত রোদে পুড়ছিল গোটা দেশ। রোদের সঙ্গে বাড়তে থাকা তাপমাত্রায় সবার হাঁসফাঁস অবস্থা। এমন অবস্থা থেকে সাময়িক পরিত্রাণ দিয়েছে বৃষ্টি। এই বৃষ্টি কি থাকবে নাকি আবার সূর্যের তাপে পুড়বে সবাই, এমন প্রশ্ন অনেকের মনে। এই প্রশ্নের উত্তর দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির অনুমান, সারাদেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে এমনই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ সই করা পূর্বাভাসে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রবিবার সন্ধ্যা ৬টার সিনপটিক অবস্থার কথা জানিয়ে পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাপপ্রবাহের কথা জানিয়ে বলা হয়, রাঙামাটি, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলা সমূহের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

একই ধরনের আবহাওয়া আগামী বুধ ও বৃহস্পতিবার থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুরে। এ সময়ে জেলাটি ১৪৬ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। আর ঢাকায় হয়েছে ৩২ মি.মি বৃষ্টিপাত। এ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডও করা হয়েছে দিনাজপুরে, ২০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে, ৩৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।