ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাত দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার সকালে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।
জিরো ওয়েস্ট ফোরামে অংশগ্রহণ
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর সভাপতির আমন্ত্রণে আগামী ৫ থেকে ৭ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ অংশ নেবেন তিনি। ফোরামটিতে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেবেন।
আয়োজকদের প্রত্যাশা, বর্জ্যমুক্ত পরিবেশ গঠন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপের পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে এ আয়োজন।
দ্বিপাক্ষিক আলোচনা ও এমওইউ
সফরকালে উপাচার্য বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উপাচার্য আগামী ৯ জুন দেশে ফিরবেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্যের রুটিন কার্যক্রম পরিচালনা করবেন।



