বিশ্বব্যবস্থার অন্তরালে আধিপত্যবাদী রাজনীতির ক্রমবর্ধমান প্রভাব
বিশ্ব ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে একটি তিক্ত সত্য স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, বিশ্বব্যবস্থার অন্তরালে একটি অদৃশ্য কিন্তু সুদৃঢ় কর্তৃত্ব দীর্ঘকাল ধরে কার্যকর রয়েছে। এই কর্তৃত্বের বাহ্যিক রূপ কখনো উন্নয়ন, কখনো স্থিতিশীলতা এবং কখনো মানবাধিকারের ভাষ্য ধারণ করলেও, এর অন্তর্নিহিত উদ্দেশ্য প্রায়শই ক্ষমতার একচ্ছত্র প্রতিষ্ঠা ও প্রভাব বিস্তারের প্রয়াস। একটি পরাশক্তিধর রাষ্ট্র, যার অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা তুলনাহীন, পৃথিবীর নানা প্রান্তে নিজস্ব ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। কোন রাষ্ট্র কোন নীতিতে চলবে, কোন সরকার গ্রহণযোগ্য হবে কিংবা কাকে অপসারণ করতে হবে—এই সকল প্রশ্নে তারা যেন শেষ কথা বলতে চায়।
গোপন কূটনীতি থেকে প্রকাশ্য দম্ভের যুগ
একসময় এই ধরনের কার্যকলাপ গোপন কূটনীতি, গোয়েন্দা তৎপরতা ও আড়াল করা অর্থনৈতিক চাপে সীমাবদ্ধ থাকলেও, বর্তমান যুগে তা প্রায় প্রকাশ্য ঘোষণার পর্যায়ে উপনীত হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গত শতাব্দীর মাঝামাঝি থেকে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত। বিভিন্ন দেশে গণতন্ত্রের নামে, কখনো আবার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থানের অজুহাতে, ক্ষমতার পালাবদল ঘটানো হয়েছে। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই পরিবর্তনের মূলে মানবকল্যাণ অপেক্ষা অধিকতর প্রাধান্য পেয়েছে কৌশলগত স্বার্থ, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তার।
যখন কোনো রাষ্ট্র স্বাধীন নীতি গ্রহণে অনড় থাকতে চায় কিংবা পরাশক্তির পরামর্শ উপেক্ষা করে স্বকীয় পথ অনুসরণ করতে চায়, তখনই তার উপর নানাবিধ চাপ প্রয়োগ শুরু হয়। প্রথমে অর্থনৈতিক সহায়তা হ্রাস, তারপর ঋণনির্ভরতা সৃষ্টি এবং পরিশেষে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করার প্রয়াস—এই ধাপগুলি যেন একটি পূর্বপরিকল্পিত কৌশলের অংশ। অর্থনৈতিক সংকটকে তীব্রতর করে তুলে, জনগণের অসন্তোষ বাড়িয়ে, অবশেষে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হয়। এটি বহু দেশে বহুবার প্রত্যক্ষ করা গেছে।
আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা ও নৈতিকতার মুখোশ ত্যাগ
এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংস্থাগুলি বিশ্বশান্তি, উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হলেও, বাস্তবে বহু ক্ষেত্রে তারা শক্তিধর রাষ্ট্রের নীতির প্রতিফলন ঘটায়। ঋণের শর্ত, অর্থনৈতিক সংস্কারের নির্দেশনা কিংবা নিষেধাজ্ঞার আরোপ—এই সকল পদক্ষেপ অনেক সময় এমনভাবে প্রয়োগ করা হয়, যাতে উদ্দেশ্য থাকে লক্ষ্যভুক্ত রাষ্ট্রটি যেন ধীরে ধীরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে।
অধিকতর উদ্বেগজনক বিষয় এই যে, এই আধিপত্যবাদী প্রবণতা ক্রমশ নৈতিকতার মুখোশ ত্যাগ করে বর্তমানে প্রকাশ্যে দম্ভ করে নগ্নভাবে এর প্রয়োগ এবং তার কথা উচ্চারণ করে। সাম্প্রতিক সময়ে এমন বক্তব্যও শোনা গেছে, যেখানে একটি সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। দুঃখজনকভাবে, এই ধরনের সাম্রাজ্যবাদ কেবল রাজনৈতিক স্বাধীনতার উপরই আঘাত হানে না; এটি একটি জাতির আত্মপরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক স্থিতিশীলতাকেও বিপন্ন করে তোলে।
সার্বভৌমত্বের সংকট ও দীর্ঘমেয়াদি অস্থিরতা
বিভিন্ন সময়ে কোনো একটি দেশের সরকার পরিবর্তন মানেই কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি বহন করে অনিশ্চয়তা, সহিংসতা এবং দীর্ঘমেয়াদি অস্থিরতার বীজ। বহু দেশে এই প্রক্রিয়ার ফলে গৃহযুদ্ধ, শরণার্থী সংকট এবং অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। অতএব, বর্তমান বিশ্বব্যবস্থায় একটি মৌলিক প্রশ্ন উত্থাপিত হয়—রাষ্ট্রের সার্বভৌমত্ব কি সত্যই অক্ষুণ্ণ রহিয়াছে, নাকি এটি কেবল একটি কাগুজে ধারণায় পরিণত হয়েছে?
যদি একটি শক্তিধর রাষ্ট্র নিজের ইচ্ছামতো অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নির্ধারণ করতে পারে, তাহলে আন্তর্জাতিক আইন ও ন্যায়ের ধারণা কতটুকু কার্যকর? এই দম্ভ ও আধিপত্যের রাজনীতি পৃথিবীকে ক্রমাগত সংঘাত, বিভাজন এবং অবিশ্বাসের অন্ধকারে নিমজ্জিত করছে। এর শেষ কোথায়—এই প্রশ্নটি আজ বিশ্বব্যবস্থার সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।



