ভারতীয় মুসলমানদের অবস্থা তিন শব্দে: অনিরাপদ, কোণঠাসা, অপমানিত
ভারতের মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও বিশ্বের প্রভাবশালী আলেম মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী দেশটির মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থা বর্ণনা করেছেন মাত্র তিনটি শব্দে। তার মতে, ভারতের মুসলিম সম্প্রদায়ের একটি বিশাল অংশ নিজেদের অনিরাপদ, কোণঠাসা এবং অপমানিত বোধ করছেন।
দীর্ঘদিনের পক্ষপাতিত্বের ফল
বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহমুদ মাদানী এই উদ্বেগ প্রকাশ করে জানান, মুসলিমদের এই নিরাপত্তাহীনতা কোনো একটি নির্দিষ্ট ঘটনার ফল নয়। বরং এটি দীর্ঘদিনের প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং শাসনব্যবস্থার সামগ্রিক পরিবর্তনের প্রতিফলন। তিনি স্পষ্ট করে বলেন, "ভারতের মতো বিশাল দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু উদ্বেগের বিষয় হলো যখন কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পক্ষপাতমূলক হয়। যাদের কাজ অন্যায় ঠেকানো এবং ন্যায়বিচার নিশ্চিত করা, তারাই আজ চোখ বুজে আছেন।"
আন্তর্জাতিক মহলের উদ্বেগ
মাদানী আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক মহলেও এই ধারণা প্রবল হচ্ছে যে ভারতে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি বলেন, "আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যেও এই ধারণা শক্তিশালী হয়ে উঠছে যে ভারতীয় মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন।"
আসামের অবৈধ অভিবাসী ইস্যু
আসামের কথিত অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে মাহমুদ মাদানী বলেন, এই বিষয়টিকে ধর্মীয় চশমা দিয়ে দেখা উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেন, "ধর্ম নির্বিশেষে যেকোনো বিদেশি নাগরিক যদি বৈধ নথিপত্র ছাড়া ভারতে থাকেন, তবে তাকে থাকার অনুমতি দেওয়া উচিত নয়।" এনআরসি প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি আক্ষেপ করেন যে, অনেক ক্ষেত্রে বৈধ নাগরিকদেরও 'বাংলাদেশি' বলে সম্বোধন করা হচ্ছে। এমনকি আসামের মুখ্যমন্ত্রী তাকেও (মাদানী) বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেন বলে তিনি উল্লেখ করেন।
ঈদের নামাজ নিষেধাজ্ঞা প্রসঙ্গ
উত্তরপ্রদেশসহ বিভিন্ন স্থানে রাস্তায় ঈদের নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি আইনের সমান প্রয়োগের দাবি জানান। মাহমুদ মাদানী বলেন, "সরকার যদি সিদ্ধান্ত নেয় যে রাস্তায় কোনো ধর্মীয় কর্মকাণ্ড চলবে না, তবে সেই নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। এটি যেন একতরফা না হয়।"
জমিয়তে ওলামায়ে হিন্দের ঐতিহাসিক ভূমিকা
প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্ল্যাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে। মাওলানা মাহমুদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র ও সাইয়্যেদ আসআদ মাদানীর ছেলে। তার বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা ও সৃজনশীল কর্মপন্থায় ভারতীয় মুসলমানরা এক অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে।
মাহমুদ মাদানীর রাজনৈতিক দূরদর্শিতা ভারতের সর্বমহলে স্বীকৃত। আন্তঃধর্মীয় সম্প্রীতি, মতপথ ভুলে এক কাতারে সবাইকে নিয়ে চলার মানসিকতা ও উদ্যোগ তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। তার এই বক্তব্য ভারতের মুসলিম সম্প্রদায়ের উদ্বেগ ও আশঙ্কাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে।



