আজ শুক্রবার রাতে ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে এটাই প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে তাদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে জামাল ভূঁইয়ারা। শুক্রবার রাত ১১টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ফিফা র্যাঙ্কিং ও ইতিহাস
ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের অবস্থানে থাকা দল সান মারিনো (২১১তম)। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৮১তম। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের নতুন হেড কোচ থমাস ডুলির অধ্যায় শুরু হচ্ছে। ইউরোপে প্রথমবার খেলার সুযোগ তৈরি হলেও ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে আগেও খেলেছে বাংলাদেশ। এর আগে ২০০১ সালে নেহরু কাপে ভারতের কোচিতে ইউরোপের বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিল তারা। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল জর্জ কোটানের দল।
সান মারিনোর জন্যও প্রথম
বাংলাদেশের মতো সান মারিনো দলও প্রথমবার এশিয়ার কোনো দলের বিপক্ষে খেলবে। সান মারিনোর বিপক্ষে ম্যাচ নিয়ে আগেই হামজা চৌধুরী বলেছেন, ‘নিঃসন্দেহে তাদের বিপক্ষে ম্যাচ সহজ হবে না। তারা বড় দলের বিপক্ষে খেলে থাকে। তারা হার্ড কোয়ালিটির, আমাদের জন্য ইউরোপের মাটিতে এটা প্রথম ম্যাচ। সবমিলিয়ে আমাদের জন্যই ভালো। আমি খুবই এক্সাইটেড ইউরোপের দল এবং সান মারিনোর বিপক্ষে খেলতে পারবো।’
সব মিলিয়ে এই ম্যাচ বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। নতুন কোচের অধীনে দল কেমন পারফর্ম করে, সেটাই দেখার অপেক্ষা।



