রাঙামাটিতে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ধসে লক্ষী বিলাস চাকমা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। অন্যদিকে লংগদু উপজেলায় নিজ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) ওরফে বদক্যা চাকমা নামে এক দিনমজুরের মৃত্যু হয়।
বাঘাইছড়িতে পাহাড়ধসে নিহত
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনায় লক্ষী বিলাস চাকমা নিহত হন। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছিল। দুপুরে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে লক্ষী বিলাস চাকমা মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
একই দিন সকাল ১১টার দিকে রাঙামাটির লংগদু উপজেলার মহাজনপাড়া এলাকায় নিজ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) ওরফে বদক্যা চাকমার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং উপজেলার মহাজনপাড়া এলাকার নীল কান্তি চাকমার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বেনসন চাকমা নিজ বাড়ির বিদ্যুতের সংযোগ লাইনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লংগদু থানার ওসি জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।



