চট্টগ্রামে টানা পঞ্চম দিন ভারী বৃষ্টি, বন্ধ ট্রেন চলাচল, পাহাড়ধসে ২৯ মৃত্যু
চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি, বন্ধ ট্রেন, পাহাড়ধসে ২৯ মৃত্যু

চট্টগ্রাম নগরে টানা পঞ্চম দিনের মতো অতি ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।

জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। নগরের রাস্তাঘাটে গাড়ি চলাচলের পরিমাণ কমেছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার দুর্ভোগ দূর হচ্ছে না। পানি জমে থাকায় বিপাকে পড়েছেন লোকজন। অফিস-আদালত ও কর্মস্থলে যেতে ভোগান্তিতে আছেন। অনেকে জরুরি প্রয়োজনেও বের হতে পারছেন না। টানা ভারী বর্ষণের কারণে এ অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে।

গত তিন দিনে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিতে পাহাড়ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ আজ ভোরে বান্দরবানের লামার মিশনপাড়ায় দুই পরিবারের পাঁচ সদস্য পাহাড়ধসে নিহত হয়েছেন। এর আগে গত বুধবার দিবাগত রাত একটার দিকে কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নে এক কিশোরী ও এক শিশুর মৃত্যু হয়। নিহত ২৯ জনের বেশির ভাগই শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রেন চলাচল বন্ধ

রেলপথ ডুবে থাকায় আজও চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেললাইন ডুবে আছে। পানি সরলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম নগরে বৃষ্টি হচ্ছে পাঁচ দিন ধরে। কয়েক দিনের মতো আজও সকালে ভারী বর্ষণ শুরু হয়। এই বৃষ্টি চলবে আরও দুই দিন। গতকাল বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামে রেকর্ড পরিমাণ ৪১২ মিলিমিটার বৃষ্টি হয়, যা ছিল ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ।