বন্যাদুর্গতদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী
বন্যাদুর্গতদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, হালদা নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য

শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কী লাগবে, কী প্রয়োজন—সবকিছু তিনি জানেন। শুক্রবারও তিনি আমাকে বলেছেন, আপনি সেখানে যান, কী কী লাগবে দেখে আসেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আজ আপনাদের মাঝে এসেছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর ভূমিকা ও সরকারের প্রস্তুতি

তিনি বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা চিন্তা করেন। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর শপথ নেওয়ার পরপরই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এমপি চেয়ারে বসার আগেই এলাকার মানুষের কথা ভাবছেন। তিনি আমাকে তার এলাকার মানুষের জন্য ত্রাণ নিয়ে আসতে বলেছেন। ইনশাআল্লাহ, আমি ফটিকছড়ির মানুষের পাশে আছি।

সমন্বিত উদ্যোগ ও উপস্থিত ব্যক্তিবর্গ

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।