পাহাড়ধসে বাবা-বোন হারানো কুলসুমের তিন বছর পরও আতঙ্ক কাটেনি
পাহাড়ধসে বাবা-বোন হারানো কুলসুমের আতঙ্ক কাটেনি

গতকাল চট্টগ্রাম নগরের ষোলশহরের আইডব্লিউ কলোনিতে নিজেদের ছোট্ট ঘরে বসে বাবার ছবির দিকে তাকিয়ে ছিল বিবি কুলসুম আক্তার। কয়েক মুহূর্ত নীরব থেকে উঠে দাঁড়িয়ে সে আঙুল তুলে দেখাল পাহাড়ের পাদদেশের একটি জায়গা। বলল, ‘ওখানেই আমাদের ঘর ছিল। ওখানেই বাবা আর আমার ছোট বোন মারা গিয়েছিল।’

তিন বছর আগের সেই ভোর

নবম শ্রেণির শিক্ষার্থী কুলসুমের বয়স এখন ১৪ বছর। কিন্তু তিন বছর আগের সেই ভোরের প্রতিটি মুহূর্ত এখনো স্পষ্ট। দিনপঞ্জিকায় ২০২৩ সালের ২৭ আগস্ট। ভোর সাড়ে পাঁচটা। বাইরে আলো ফোটেনি। টিনের চালে ভারী বৃষ্টির শব্দ, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঘরের ভেতরে গভীর ঘুমে ছিল পুরো পরিবার। হঠাৎ অদ্ভুত শব্দে ঘুম ভাঙে কুলসুমের। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের একাংশ ধসে পড়ে। পাশের দেয়াল ভেঙে এসে চাপা দেয় তাদের ছোট্ট ঘরটিকে। মুহূর্তেই অন্ধকারে ঢেকে যায় সবকিছু।

কুলসুম বলছিল, ‘হঠাৎ বিকট শব্দ হয়। মাটি চাপা পড়ে চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার গায়ের ওপরও ইট পড়েছিল। আমি শুধু মা আর বাবাকে ডাকছিলাম।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের ক্ষতি

একটি খাটেই ঘুমাচ্ছিল পুরো পরিবার। বাবা মোহাম্মদ সোহেল, মা শরীফা বেগম, সাত মাস বয়সী ছোট বোন বিবি জান্নাত আর কুলসুম। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল ও ছোট্ট জান্নাত। ধ্বংসস্তূপের আরেক পাশে আটকে ছিলেন শরীফা ও কুলসুম।

ঘরের ভেতর বসে মেয়ের কথা শুনছিলেন শরীফা বেগম। তিনি বলেন, ‘প্রতিবেশীরা এসে আমাকে আর বড় মেয়েটাকে টেনে বের করেন। কিন্তু আমার স্বামী আর ছোট মেয়েটাকে বের করা যায়নি। পরে ফায়ার সার্ভিস এসে তাঁদের মরদেহ উদ্ধার করে।’

আতঙ্কে কাটে দিন

কথা বলতে বলতে থেমে যান শরীফা। আঁচল দিয়ে চোখ মোছেন। কিছুক্ষণ পর আবার বলেন, ‘সেদিনের পর থেকে বৃষ্টি আমার কাছে আতঙ্ক। আকাশ কালো হলেই বুক ধড়ফড় করে। মনে হয়, আবার যদি এমন কিছু হয়।’

সেই ভয় কেটে যায়নি কুলসুমেরও। সে জানায়, ‘রাতে বৃষ্টি হলে আমার ঘুম ভেঙে যায়। তখন মনে হয়, আবার পাহাড় ভেঙে পড়বে। আমি একা ঘরে থাকতে পারি না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংসারের নতুন বাস্তবতা

দুর্ঘটনার পর পাহাড়ের একটি অংশে লোহার বেষ্টনী দিয়েছে প্রশাসন। সেই বেষ্টনীর পাশেই ছোট দুটি কক্ষের একটি ঘরে এখন থাকেন শরীফারা। আগের জায়গা থেকে কিছুটা দূরে হলেও পাহাড় এখনো চোখের সামনেই। সোহেল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ষোলশহরে একটি ছোট চায়ের দোকান চালাতেন। তাঁর মৃত্যুর পর সেই দোকানের দায়িত্ব নেন শরীফা। ভোরে দোকান সামলান, আবার কয়েকটি বাসায় গৃহকর্মীর কাজও করেন। তবু সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হয়।

মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তা

সবচেয়ে বেশি চিন্তা মেয়ের পড়াশোনা নিয়ে। শরীফা বলছিলেন, ‘ওর বাবার সময় মাস্টার ছিল। এখন আর রাখতে পারছি না। মেয়েটাকে লেখাপড়া শেখাতে চাই। কিন্তু সব খরচ একা চালানো খুব কঠিন।’

এ সময় এক প্রতিবেশী এসে জানালেন, ষোলশহরের পাশের মেয়র গলির মুক্তিযোদ্ধা পাহাড়ে ধসে ১৩ বছর বয়সী সামিয়া ইসলাম নামের এক শিশুর মৃত্যুর সংবাদ। গতকাল বেলা সাড়ে ১১টায় পাহাড় ধসে প্রাণ হারায় সে। খবরটি শুনে কিছুক্ষণ চুপ করে থাকে কুলসুম। এরপর খুব আস্তে বলে, ‘আরও একজন মারা গেছে।’

এরপর আর কোনো কথা বলে না কুলসুম। আবার বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। ঘরের বাইরে তখন ঝুম বৃষ্টি পড়ছে।