বান্দরবান ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
বান্দরবান ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও কক্সবাজার জেলায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বুধবার (৮ জুলাই) হালনাগাদ তথ্যে এ কথা জানানো হয়।

ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অতি ভারি এবং উজানে ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পরবর্তী ২ দিন মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

নদীর পানি সমতল বৃদ্ধি

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বেড়েছে। আগামী ৩ দিন এগুলো দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ২৪-৭২ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসমূহ কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিলেট ও ময়মনসিংহ বিভাগ

উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি সমতল বেড়েছে। আগামী ৩ দিন এগুলো দ্রুত বৃদ্ধি পেতে পারে। ২৪-৭২ ঘণ্টায় এসব নদী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রংপুর বিভাগ

উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বেড়েছে, অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ৩ দিন এগুলো দ্রুত বৃদ্ধি পেতে পারে। ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। ৭২ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সুরমা ও কুশিয়ারা নদী

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল বেড়েছে, অন্যদিকে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ৩ দিন এগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।