ভারী বর্ষণে সৃষ্ট বন্যার আশঙ্কায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং এবং চিলিন প্রদেশে চতুর্থ মাত্রার জরুরি বন্যা সতর্কতা জারি করেছে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়। গেলো শনিবার থেকে এই জরুরি অবস্থা চলছে।
বৃষ্টিপাতের পরিমাণ ও সময়সীমা
পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনি থেকে সোমবার পর্যন্ত লিয়াওনিং প্রদেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল এবং চিলিন প্রদেশের অধিকাংশ এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এ সময়ে ঝড়তে পারে ৪০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টি এবং কিছু এলাকায় তা ১০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে।
প্রস্তুতি ও বিশেষজ্ঞ দল
স্থানীয় পর্যায়ে বন্যা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় শনিবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় দুটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। তারা স্থানীয়দের বন্যা প্রতিরোধমূলক কার্যক্রমে সরাসরি নির্দেশনা দিচ্ছে। উপকূলীয় এলাকা এবং নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে এবং প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র: সিএমজি



