নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে ফারিহা আক্তার (১২) ও টুম্পা আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারিহা আক্তার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ও টুম্পা আক্তার একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, ফারিয়া স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণি এবং টুম্পা প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো। ফারিহা আক্তার পরিবারের সঙ্গে ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকার আলাউদ্দিন ও টুম্পা আক্তার পরিবারের সঙ্গে মমিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়াদের পুকুরের পাড়ে খেলা করছিল শিশু ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিশু ফারিহা আক্তার ও টুম্পা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।



