জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে চাপা পড়ে একই পরিবারের মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত ৪টার দিকে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
ঘটনার বিবরণ
মেলান্দহ থানার ওসি উবায়দুর রহমান জানান, রোববার দিবাগত রাতে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। রাত গভীর হলে হঠাৎ শুরু হয় দমকা হাওয়া ও বৈশাখী ঝড়। একপর্যায়ে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন, দাগী এলাকার মৃত আব্দুল গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫), তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে মা ও দুই মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
প্রশাসনের পদক্ষেপ
এবিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।



