সুনামগঞ্জে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যার শঙ্কা, হাওরে সতর্কতা
সুনামগঞ্জে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যার শঙ্কা

সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার শঙ্কায় হাওর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। হাওরের পাকা ধান দ্রুত কাটার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৃষ্টিপাতের পূর্বাভাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের (২৩ এপ্রিল হতে ৩০ এপ্রিল) বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ২৪-২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি হতে ভারি এবং ২৮-৩০ এপ্রিল ভারি হতে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা

উক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী হাওর অববাহিকার প্রধান নদীগুলো (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ২৮ এপ্রিল থেকে নদীগুলোর কোথাও কোথাও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান পানি সমতল ও ঝুঁকি

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি সমতল বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার বা ৫ দশমিক ৭৭ ফুট নিচে রয়েছে। ফলে ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষকদের জন্য নির্দেশনা

ফলে কৃষকরা যেসব জমির ৮০ শতাংশ ধান পাকা, সেসব জমির ধান দ্রুত কর্তনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে হাওর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ