খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
আগুনের বিস্তার ও ক্ষতি
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া বাজারের একটি তেল ও গ্যাসের দোকানে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একটি রেস্টুরেন্টসহ দুটি দোকান পুড়ে যায়। প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়গুলো নিশ্চিত করেন গুইমারা থানার ওসি হাসান সোহরার্দী।
ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর তৎপরতা
ওসি আরও জানান, খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার স্টেশন থেকে একটি ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দলও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত দোকানসমূহ
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে জালিয়াপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেনের গ্যাস ও জ্বালানি তেলের দোকান; যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা। এ ছাড়া মোহাম্মদ নাঈমের রেস্টুরেন্টও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দোকানের আনুমানিক ক্ষয়ক্ষতি ৪ থেকে ৫ লাখ টাকা বলে জানা গেছে।



