সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ১২
সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ১২

সিলেট-সুনামগঞ্জ সড়কের বড় কাপন এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে বাস ও অটোরিকশা স্ট্যান্ডের সংশ্লিষ্ট ম্যানেজারদের মধ্যে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা দ্রুত উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ